২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় দিন সূচক বাড়ল পুঁজিবাজারে

এর আগে চারশ কোটি টাকার বেশি লেনদেন হয় ৭ কার্যদিবস আগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 04:52 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

টানা দ্বিতীয় দিনের মত সূচক বাড়ল দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই); লেনদেনের পরিমাণ ছিল ৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। 

সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হওয়া বাজারে দিন শেষে যোগ হয় ৪৫ পয়েন্ট। আগের দিন প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ১৭৮ পয়েন্ট।

মঙ্গলবার লেনদেনের পরিমাণও বেড়েছে। দিন শেষে লেনদেন হয় ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। এর আগে সবশেষ চারশ কোটি টাকার বেশি লেনদেন হয় ৭ কার্যদিবস আগে।

মাঝের কয়দিন লেনদেন নেমেছিল ৪০০ কোটি টাকার নিচে। এমনকি গত ৯ ডিসেম্বর তা ২৭৮ কোটি টাকায় গিয়ে ঠেকে। সবশেষ দুই কার্যদিবস বাদ দিলে তার আগের ছয়দিন একটানা সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী। 

গত রোববার সূচক বাড়লেও লেনদেনে খুব একটা আশা জাগায়নি। মঙ্গলবার লেনদেন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও।

মঙ্গলবার সকালেই ৬৭ পয়েন্ট বেড়ে মূল্যসূচক উঠে যায় ৫ হাজার ২৪৫ পয়েন্টে। পরের ধাপে কিছুটা দর সংশোধন হলে শেষ বেলায় ৪৫ পয়েন্ট যোগ করে সূচক শেষ হয় ৫ হাজার ২২৩ পয়েন্টে।

আগের দিনের মত তালিকাভুক্ত ‘এ’ শ্রেণির কোম্পানির লেনদেন ও শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। রেকর্ড লেনদেন করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলো।

ব্যাংক, বীমা, প্রকৌশল ও বস্ত্র খাতের কোম্পানি মিশ্র ধারায় লেনদেন করেছে। কিন্ত লেনদেনে একক খাত হিসেবে ওষুধ ও রসায়ন খাত সূচক বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রেখেছে।

খাতভিত্তিক লেনদেনের তথ্য ঘেঁটে দেখা যায়, মোট লেনদেনের মধ্যে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর ছিল ১১১ কোটি ৭১ লাখ টাকা (২৫ দশমিক ৮৬ শতাংশ)।

মিশ্র ধারায় লেনদেন করে বস্ত্র খাতের ১০ শতাংশ ও ব্যাংকের অবদান ছিল ৯ দশমিক ৬ শতাংশ। দিন শেষে ডিএসইতে লেনদেনে আসা ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বাড়ে ২১০টির; কমে যায় ১১০টির এবং আগের দিনের দরে লেনদেন হয় ৭৬টির।

হঠাৎ করেই ব্লক মার্কেটে কয়েকটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির ৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। 

এছাড়া বিতর্কে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি ২৬ লাখ টাকা, এবি ব্যাংকের ২ কোটি ১১ লাখ টাকা, ফাইনফুডসের এক কোটি ৪৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের দুই কোটি ৮৩ লাখ টাকা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এক কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে এ বাজারে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। ক্লোজিং প্রাইস বিবেচনায় শীর্ষ দর বৃদ্ধি কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন ও জিপিএইচ ইস্পাত। কোম্পানি দুটি সার্কিট ব্রেকারের কাছে, অর্থাৎ ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে আগের দিনের চেয়ে।

এছাড়া দর বেড়েছে জেমিনি সি ফুড, ওরিয়ন ইনফিউশন ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের।

অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোতে শীর্ষে উঠেছে মেঘনা পেট্রলিয়াম, জাহিন স্পিনিং মিল, মিরকল ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিং ও তুংহাই নিটিং।