১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যৌথ বিনিয়োগ: পুঁজিবাজারে ৫% করে শেয়ার ছাড়বে সরকার ও বহুজাতিক কোম্পানি

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এ বিষয়ক এক সমন্বয় সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বহুজাতিক কোম্পানিতে থাকা সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং ওই বিদেশি কোম্পানির ৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার আগের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে শিল্প মন্ত্রণালয় ও আইসিবি।

যৌথ এ সভায় কোম্পানিগুলোর অবস্থান ও করণীয় নিয়ে ‘ফলপ্রসূ’ আলোচনা হওয়ার কথা তুলে ধরা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় বহুজাতিক কোম্পানিতে অংশীদারত্ব থাকা মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানি, সংশ্লিষ্ট বহুজাতিক কোম্পানি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তারা অংশ নেন।

সভায় সরকারি কর্মকর্তা ছাড়াও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নুভিস্তা ফার্মা লিমিটেড, সানোফি বাংলাদেশ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, রেকিট বেনকাইজার (বাংলাদেশ) লিমিটেড, দি বেংগল গ্লাস ওয়াকর্স লিমিটেড, মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।

পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা, উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য প্রধান উপদেষ্টার দিক-নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ সভা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারি কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে ছাড়ার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বহুজাতিক কোম্পানিতে সরকারি মালিকানা রয়েছে সেগুলোতে সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং বিদেশি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিবাচক আলোচনা হয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান ও মো. নূরুজ্জামান, যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান, উপ সচিব নুরুন নাহার, আইসিবির 

ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিসিআইসির চেয়ারম্যান ও বিএসআরবির মহাপরিচালক উপস্থিত ছিলেন।