Published : 22 Jul 2022, 10:53 PM
শৈশবে দেখা একটি ম্যাচ এখনও মনে গেঁথে আছে। সেই ম্যাচের নায়ক রবের্ত লেভানদোভস্কির সঙ্গে এবার একই দলে খেলবেন নিকো গনসালেস। বিষয়টি ভাবতেই শিহরণ অনুভব করছেন বার্সেলোনার তরুণ এই মিডফিল্ডার। পোলিশ তারকার সঙ্গে খেলতে তর সইছে না তার।
বায়ার্ন মিউনিখে আট বছরের অধ্যায়ের ইতি টেনে কদিন আগেই বার্সেলোনায় যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড লেভানদোভস্কি। জার্মান দলটির হয়ে গত কয়েক মৌসুমে যিনি গোলের পর গোল করে গেছেন।
দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কি অবশ্য আরও আগেই গনসালেসের হৃদয়ে দাগ কেটেছেন। লেভানদোভস্কি তখন বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই চার গোল করেন তিনি। ডর্টমুন্ড সেই ম্যাচটা জেতে ৪-১ গোলে, যা আজও ভোলেননি গনসালেস।
“তার সঙ্গে খেলাটা হবে রোমাঞ্চের। আমি তাকে অনেক ম্যাচ খেলতে দেখেছি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা ম্যাচ তো এখনও মনে আছে, যেদিন তিনি চার গোল করেছিলেন। এটা (লেভানদোভস্কির চার গোল) আমি অনেক উদযাপন করেছিলাম।”
বর্তমানে ২০ বছর বয়সী গনসালেসের বয়স সেই সময় ছিল ১১। বেড়ে উঠেছেন যিনি বার্সেলোনার একাডেমিতে। গত মৌসুমে বার্সেলোনার ‘বি’ দল থেকে মূল দলে যোগ দেন তিনি। উন্নতির ধারা ধরে রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। চাওয়া, নতুন মৌসুমে যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে নেওয়া।
চলতি বদলবদলে বার্সেলোনায় যেসব নতুন নাম যোগ হয়েছে তাতে খুব খুশি গনসালেস। গত মৌসুমের তুলনায় এ মৌসুম অনেক ভালো কাটবে বলে বিশ্বাস তার।
“এটা অস্বীকার করার উপায় নেই যে স্কোয়াড বাড়ছে এবং অনেক উন্নতি করছে। এটা পরিস্কার, নতুন খেলোয়াড়দের মধ্য দিয়ে মানের দিক দিয়ে আমরা বেশ এগিয়েছি। আমি নিশ্চিত, এটা আমাদের শিরোপা পাইয়ে দেবে এবং বছরটা গত বছরের চেয়ে অনেক ভালো কাটবে।”
প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সময় আগামী রোববার সকালে রিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হবে ম্যাচটি। ক্লাসিকো ম্যাচটি নিয়েও বেশ রোমাঞ্চিত গনসালেস।
“রিয়ালের বিপক্ষে খেলা সব সময়ই রোমাঞ্চের এবং এটা বাড়তি প্রেরণা দেয়। তাদের (রিয়াল) বিপক্ষে আমার দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে এবং আমরা যখন তাদের বিপক্ষে খেলি সেটা দর্শনীয় কিছুই হয়।”