২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের দুর্দশা বাড়িয়ে তিনে এসি মিলান

দাপুটে জয়ে সেরি আর পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 01:42 AM

Updated : 09 Oct 2022, 01:42 AM

মৌসুমের শুরু থেকেই ধুঁকছে সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুস। এসি মিলানের বিপক্ষে হেরে তাদের হতাশার পথচলা আরও দীর্ঘ হলো। দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

সান সিরোয় শনিবার ইতালির শীর্ষ লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে এসি মিলান।

এই জয়ের পর ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে মিলান। শীর্ষে নাপোলি ও দুইয়ে আতালান্তার পয়েন্টও সমান ২০, অবশ্য তারা একটি করে ম্যাচ কম খেলেছে।

গত সপ্তাহে সেরি আয় বোলোনিয়াকে ৩-০ গোলে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে ৩-১ গোলের জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইউভেন্তুস। তবে লিগে আরেকটি হারের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরেই থাকল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল মিলান। পুরো ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে তারা।

ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু রাফায়েল লেয়াওয়ের ব্যাকহিল পোস্টে বাধা পায়।

এরপর ১৫ মিনিটে কম সময়ের মধ্যে আবারও দুর্ভাগ্য বাধঁ সাধে লেয়াওয়ের সামনে। এবার ডি-বক্সের বাইরে থেকে তার শট পোস্টে লাগে।

বিরতির ঠিক আগে তাগের অপেক্ষার শেষ হয়। কর্নারে ফাঁকায় বল পেয়ে ভলি মারেন অলিভিয়ে জিরুদ। বল ছয় গজ বক্সের মুখে ফিকায়ো তোমোরির গায়ে লাগে, ঠাণ্ডা মাথায় শরীরটা ঘুরিয়ে জোরাল শটে গোলটি করেন এই ইংলিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াস। প্রতিপক্ষের দুসান ভ্লাহোভিচের ভুলের সুযোগে বল পেয়ে অনেকটা এগিয়ে দারুণ শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।

এবারের লিগে ষষ্ঠ জয় পেল মিলান। অন্যদিকে,ইউভেন্তুসের জয় মাত্র তিনটি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে দুই দলই মাঠে নামবে; ফিরতি লেগে ইউভেন্তুস খেলবে খাইফার বিপক্ষে আর মিলান লড়বে চেলসির সঙ্গে।