আনচেলত্তি বললেন, ‘এবার আমাদের জয়ের পালা’
টানা তিন ক্লাসিকোতে হারের পর এবার জয়ের ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ।
এই বছরে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। বার্সেলোনার বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবগুলিতে হেরে গেছে তারা। কোপা দেল রের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ধারা ভাঙতে চান কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের দৃঢ় বিশ্বাস, এবার জয় ধরা দেবে তাদের হাতে।
লা লিগায় এই মৌসুমের প্রথম ক্লাসিকোতে গত অক্টোবরে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পেরে উঠছে না গতবারের লিগ চ্যাম্পিয়নরা।
গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-১ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এরপর মার্চের শুরুতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জেতে শাভি এর্নান্দেসের দল। জয়ের ধারা বজায় রেখে একই মাসে লা লিগায় ২-১ গোলের জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।
শাভি দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনার বিপক্ষে সাতবারের দেখায় কেবল দুটিতে জিততে পেরেছেন আনচেলত্তি।
কোপা দেল রের শেষ চারের ফিরতি লেগে বুধবার কাম্প নউয়ে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচের আগে কিছুটা হলেও চাপে থাকার কথা আনচেলত্তির। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আত্নবিশ্বাসী কন্ঠে ৬৩ বছর বয়সী ইতালিয়ান কোচ বললেন, এবার ইতিবাচক ফল পাবেন তারা।
“কোচদের মধ্যে মুখোমুখি লড়াই থেকে একটি সিদ্ধান্তে আসা খুব কঠিন। আগামীকাল আমাদের জয়ের পালা।”
জয়ের লক্ষ্যে ফর্মেশন বদলানোর পরিকল্পনা নেই আনচেলত্তির।
“আমরা ছোট ছোট বিষয় দিয়ে তাদের চমকে দিতে পারি। এক বছর ধরে কাজ করার পর ফর্মেশনে পরিবর্তন আনা কঠিন। এটা যুক্তিসঙ্গত নয়; এর মাধ্যমে আমরা কেবল নিজেরাই চমকে যেতে পারি।”
