২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ ফের্নান্দেসের

ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলার কারণে ধারাবাহিকতার অভাবে ভুগছে চেলসি, তবে ছন্দে ফেরার আশাবাদ জানালেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

চেলসি সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ ফের্নান্দেসের

চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 10:26 PM

Updated : 18 Jan 2024, 11:02 PM

দলে নতুনের সমাবেশ হয়েছে অনেক। এখনও তারা চেলসির খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি পুরোপুরি। দলটিও তাই ভুগছে ধারাবাহিকতার অভাবে। দলের মলিনতা নিয়ে অকপট হলেন এনসো ফের্নান্দেস। ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে আলাপচারিতায় এই মিডফিল্ডার বললেন, গুছিয়ে ওঠার জন্য তাদের প্রয়োজন আরও সময়।

টড বোহেলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসির নিয়ন্ত্রণ নেওয়ার পর ১০৯ কোটি ইউরোর বেশি খরচ করে ২৫ জন খেলোয়াড় তারা দলে ভিড়িয়েছে। এদের মধ্যে আছেন ফের্নান্দেসও। ক্লাবটি গত বছর বেনফিকা থেকে তাকে দলে টানে সে সময়ের ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোয়।

এই নতুনদের কাঁধে সওয়ার হয়ে চেলসি ছুটতে পারছে না দুরন্ত গতিতে। চলতি মৌসুমের লিগ টেবিলে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকাটা দিচ্ছে তাদের ধারাবাহিকতাহীনতার প্রমাণ। তবে ফের্নান্দেস সমর্থকদের প্রতি অনুরোধ জানালেন ধৈর্য্য ধরার।

“আমাদের সময় প্রয়োজন। এটা একটা প্রক্রিয়া, সঙ্গে অনেক নতুন খেলোয়াড় …এই ছেলেরা এ বছরই একত্রিত হয়েছে। ভালো খেলার পথটা দ্রুত খুঁজে পাওয়া সহজ নয়। কিন্তু যত দ্রুত সম্ভব নিজেদের খেলার কৌশল খুঁজে পাওয়ার সব চেষ্টাই করছি আমরা।”

গত বছরই চেলসির হাল ধরেছেন মাউরিসিও পচেত্তিনো। ঠিকঠাক গুছিয়ে উঠতে না পারায় সমালোচনাও ধেয়ে আসছে তার দিকে। স্বদেশি কোচের ওপর অবশ্য আস্থা রাখছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস।

“পচেত্তিনোর সঙ্গে কাটানো প্রতিটি দিন আসলেই দারুণ। খেলোয়াড়দের সঙ্গে তিনি ভীষণ ঘণিষ্ঠ। তিনি খুবই মানবিক এবং খেলার সময় আমাদের অনেক অনুপ্রাণিত করেন, সাচ্ছ্বন্দ্যে রাখেন।”

ভেতরের পরিবেশ যতই ভালো থাকুক না কেন, ফের্নান্দেসও মানছেন মাঠের লড়াইয়ের কারণে ‘অশান্ত’ সময় কাটছে চেলসির। তবে লিগ টেবিলের সেরা চারে থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এবং চলতি মৌসুমের লিগ কাপ ও এফএ কাপের শিরোপার জন্য সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

লিগ কাপের সেমি-ফাইনালে আগামী মঙ্গলবার মিডলসব্রার মুখোমুখি হবে চেলসি। প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে ‘ব্লুজ’ খ্যাত দলটি। তবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠতে প্রত্যয়ী ফের্নান্দেস।

“প্রতিটি টুর্নামেন্টই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চেলসি অনেক বড় একটি প্রতিষ্ঠান, জয় ও প্রতিদ্বন্দ্বিতাই যাদের কাছে মূল—তাই, ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা গুরুত্বপূর্ণ।”

লিগ কাপের পরই চেলসি এফএ কাপের চতুর্থ রাউন্ডে লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ফের্নান্দেস মুখোমুখি হবেন স্বদেশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। ২০২২ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা মার্তিনেসের বিপক্ষে খেলা ‘বিশেষ কিছু’ বলে মনে করেন তিনি।

“এটা অনেক বড় বিষয়। চেলসির বিপক্ষে সে সবসময়ই ভালো করে…দিবুর (মার্তিনেস) বিপক্ষে খেলা বিশেষ কিছু হতে যাচ্ছে।”

পর্তুগালের ছেড়ে ইংল্যান্ডে আসার পর ভিন্ন পরিবেশ, সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে বেশ লড়াই করতে হয়েছে ফের্নান্দেসকে। লন্ডনের জীবনের সঙ্গে এখন অনেকটাই মানিয়ে নিয়েছেন বলে জানালেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

“ব্যক্তিগতভাবে, শুরুর কয়েকটি মাস আমার জন্য চ্যালেঞ্জিং ছিল- এখানকান ভাষা, সংস্কৃতি, আবহাওয়া, এগুলো কঠিন ছিল। এখন ২০২৪ সাল শুরু হয়েছে, আগের চেয়ে ভালো অনুভব করছি; এখন আমি খুবই খুশি।”