২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ম্যাচের সময় মুলারের বাড়িতে ডাকাতি

প্রায় ৫ লাখ ইউরো মূল্যের নগদ অর্থ, গহনা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে টমাস মুলারের বাড়ি থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 09:02 PM

Updated : 14 Sep 2022, 09:11 PM

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে জয়টা ঠিকমতো উপভোগও করতে পারেননি টমাস মুলার। শেষ বাঁশি বাজার পরপরই যে স্টেডিয়াম ছেড়ে যেতে হয় বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডকে। ম্যাচ চলাকালীন ডাকাত দল হানা দিয়েছিল তার বাড়িতে।   

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ইউরোপ সেরার মঞ্চে ‘সি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের দুই গোলে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে হারায় বায়ার্ন।  

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম ত্যাগ করেন মুলার। তাই ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনেও উপস্থিত হননি তিনি।

এ দিন ছিল তার ৩৩তম জন্মদিন। জার্মান সাংবাদিকরা ভেবেছিলেন, হয়তো জন্মদিন উপলক্ষে পার্টিতে অংশ নিতে আগেভাগে চলে যান মুলার। তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ড প্রকাশ করে আসল কারণ। 

ডাকাতির ঘটনাটি ঘটেছে বার্সেলোনা-বায়ার্ন ম্যাচের সময়। দক্ষিণ মিউনিখে অটারফিং শহরে মুলারের বাড়িতে তখন কেউ ছিল না। 

বাভারিয়ান পুলিশ এক বিবৃতিতে জানায়, প্রায় ৫ লাখ ইউরো মূল্যের নগদ অর্থ, গহনা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে মুলারের বাড়ি থেকে। এখনও ডাকাতদের কোনো হদিস পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে তারা।

সাম্প্রতিক সময়ে ইউরোপে খেলোয়াড়দের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। গত মাসে বার্সেলোনায় নিজ বাড়িতে সশস্ত্র ডাকাতদের হামলার শিকার হন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এর কয়েক দিন পরই বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দেন গ্যাবনের এই ফরোয়ার্ড। 

গত ডিসেম্বরে নিজ বাড়িতে ডাকাতির সময় লাঞ্ছিত হয়েছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোয়াও কানসেলো এবং পর্তুগালে নিজ বাড়িতে ডাকাতির শিকার হয়েছিলেন বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। 

স্পেনে বিভিন্ন সময়ে বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন বার্সেলোনার জেরার্দ পিকে, আনসু ফাতি, জর্দি আলবা, সামুয়েল উমতিতি ও ফিলিপে কৌতিনিয়ো।