২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আশা জাগিয়েও ঊষাকে হারাতে পারেনি মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শেষ দিকের গোলে হার এড়িয়েছে ঊষা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 07:35 PM

Updated : 16 Apr 2024, 07:25 PM

আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠল দুই দলের লড়াই। শুরুর দুই গোলে জয়ের দারুণ আশা জাগাল মোহামেডান। পরে ঘুরে দাঁড়াল ঊষা। শেষ পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন হকি লিগে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুই দল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। মোহামেডানের হয়ে জালের দেখা পান ফায়জাল বিন সারি, রাসেল মাহমুদ জিমি ও আমিরুল ইসলাম। ঊষার মাহবুব হোসেন ২টি ও ইশরাত ইকতিদার একটি গোল করেন।

একাদশ মিনিটে একক প্রচেষ্টায় সার্কেলে ঢুকে নিখুঁত কোনাকুনি হিটে অসীম গোপকে পরাস্ত করেন মালয়েশিয়ান খেলোয়াড় ফায়জাল। ২০তম মিনিটে অধিনায়ক জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান।

দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে ইকতিদারের হিট গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। এই পর্বের শেষ দিকে দুই মার্কারকে গতিতে পেছনে ফেলে জোরাল হিটে ঊষাকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন ইকতিদারই।

তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে সমতার স্বস্তি ফিরে ঊষা শিবিরে। ইকতিদারের পুশ রাজু আহমেদ স্টপ করার পর মাহবুব দারুণ ড্রাগ ফ্লিকে লক্ষভেদ করেন।

এই কোয়ার্টারের শেষ দিকে ৪৪তম মিনিটে পিসি থেকে ফের এগিয়ে যায় মোহামেডান। তানভির সিয়ামের পুশে ফাইজ হেলমি বিন জালির স্টপের পর ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আমিরুল।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে বলের নিয়ন্ত্রণ রেখে খেলছিল মোহামেডান। সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শানাচ্ছিল ঊষা। ৫২তম মিনিটে সাফল্যও পায় তারা; পেনাল্টি কর্নার থেকে মাহাবুবের লক্ষ্যভেদে পয়েন্ট পায় দলটি।

চলতি লিগে সব মিলিয়ে এটি প্রথম ড্র। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ঊষা এক ম্যাচ বেশি খেলেছে।

তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে আবাহনী।