২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জালে আবাহনীর গোল উৎসব

প্রিমিয়ার ডিভিশন হকির সুপার সিক্সেও বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিয়েছে আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 06:44 PM

Updated : 05 Apr 2024, 06:44 PM

প্রথম পর্বে তাও একটু প্রতিরোধ গড়তে পেরেছিল বাংলাদেশ পুলিশ। প্রিমিয়ার ডিভিশন হকির সুপার সিক্সে সেটাও পারল না। তাদের স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিল আবাহনী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ৭-০ গোলে জিতেছে আবাহনী। লিগের প্রথম পর্বের দেখায় বাংলাদেশ পুলিশকে ৪-২ গোলে হারিয়েছিল তারা।

সুপার সিক্সে আবাহনীর উড়ন্ত সূচনার ম্যাচে জোড়া গোল করেন রোমান সরকার। একবার করে জালের দেখা পান আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ।

প্রথম কোয়ার্টারেই কেবল আবাহনীকে আটকে রাখতে পারে বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় কোয়ার্টার থেকে শুরু হয় আকাশী-নীলদের উৎসব; যার শুরু ১৯তম মিনিটে রোমানের ফিল্ড গোল দিয়ে। পরের মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে  দ্বিগুণ করেন ব্যবধান।

তৃতীয় কোয়ার্টারে একাধিক পেনাল্টিও কর্নার আদায় করে নিলেও ম্যাচে ফিরতে পারেনি পুলিশ। বরং ৪২তম মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে তারা পিছিয়ে পড়ে আরও।

খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে চার গোল হজম করে পুলিশ। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রেজাউল, ৫৩ মিনিটে রোমান এবং এরপর ভেংকটেশ ও আফফানের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।