‘মেসি-সুয়ারেস জুটি’ দেখতে মুখিয়ে বেকহ্যাম
লুইস সুয়ারেসের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ক্লাবটির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম।
লিওনেল মেসির কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনার জার্সিতে লিখেছেন অনেক সাফল্যের গল্প। বন্ধুর সঙ্গে এবার ইন্টার মায়ামিতে খেলবেন লুইস সুয়ারেস। নতুন চ্যালেঞ্জ জিততে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে; তবে মেসি-সুয়ারেসের জুটি নিয়ে মায়ামির উচ্ছ্বাসের কমতি নেই একটুও।
দলটির মালিকদের একজন ডেভিড বেকহ্যামের উচ্ছ্বাস যেন একটু বেশিই। যদিও বয়সের দিক থেকে মেসি ও সুয়ারেস এখন পড়ন্ত বেলায়। তারপরও তাদেরকে মাঠে দেখতে তর সইছে না বেকহ্যামের। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের পোস্টে তা প্রকাশ করেছেন সাবেক ইংলিশ তারকা।
“সুয়ারেসের মায়ামিতে যোগ দেওয়া পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মাঠে তাকে দেখতে মুখিয়ে আছি আমরা।”
মায়ামির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আরেক মালিক হোর্সে মাসের চাওয়া, জয়ের জন্য সুয়ারেসের খুনে মানসিকতা ছড়িয়ে পড়ুক দলের বাকিদের মধ্যে।
“বিশ্বমানের স্ট্রাইকার লুইস সুয়ারেসকে আমাদের ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। লুইস ভীষণ লড়াকু মানসিকতার, তার জয়ের মানসিকতা সবাইকে প্রভাবিত করে, যেটা আমাদের খেলোয়াড়দের ভেতর থেকে বের করে আনতে চাই আমরা।”
আগামী মাসে ৩৭ বছর পূরণ করতে যাওয়া সুয়ারেস ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। আয়াক্স ও আতলেতিকো মাদ্রিদের হয়েও পেয়েছিলেন লিগ জয়ের স্বাদ।
মেসি ছাড়াও মায়ামিতে সুয়ারেস আরও কয়েকজন সাবেক বার্সেলোনা সতীর্থকে পাশে পাচ্ছেন, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। নতুন মিশন নিয়ে মাঠে নামতে তর সইছে না বলে এরই মধ্যে জানিয়েছেন সুয়ারেস।
এক বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেওয়া সুয়ারেস সবশেষ খেলেছেন গ্রেমিওর হয়ে। ব্রাজিলিয়ান লিগে গত মৌসুমে সেরা খেলোয়াড় ও সেরা স্ট্রাইকারের পুরস্কার তিনি জিতে নেন ৫৩ ম্যাচে ২৬ গোল করে এবং ১৭টিতে অ্যাসিস্ট করে।
বার্সেলোনার হয়ে খেলা ২৮৩ ম্যাচে ১৯৫ গোল করেছিলেন সুয়ারেস; পাশাপাশি অ্যাসিস্টের সংখ্যাও ছিল ঈর্ষণীয়; ১১৩টি।
লিভারপুলের হয়ে চার মৌসুমে একটি লিগ কাপ জিতেছিলেন সুয়ারেস। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ১৩৩ ম্যাচে ৮২ গোল করেছিলেন তিনি। আর আতলেতিকো মাদ্রিদের জার্সিতে ৮৩ ম্যাচে ৩৪ বার জালের দেখা পেয়েছিলেন তিনি।
উরুগুয়ের জার্সিতে এখনও দ্যুতি ছড়িয়ে চলেছেন সুয়ারেস। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ে দারুণ অবদান ছিল এই তারকা স্ট্রাইকারের।
