ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দ্রুতই নেবেন ক্লোসা
দুই দিন আগে হাসিমুখে আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে আরো দীর্ঘ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপ জিতেই পাল্টে গেল তার অভিমত। জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না, তা ভেবে দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ভবিষ্যতে দেশের প্রতিনিধিত্ব করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ক্লোসা বলেন, “জাতীয় দলের হয়ে আমি আর খেলবো কি না এখনও আমি জানি না। এ অবস্থাতেই আমি কিছুদিন ঘুমাতে চাই, তারপর সঠিক সিদ্ধান্ত নেব।”
টুর্নামেন্টের শুরুতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার হাতছানি ছিল ক্লোসার সামনে।
গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে গোল করে আগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর রেকর্ড স্পর্শ করেন ক্লোসা। আর সেমি-ফাইনালে ব্রাজিলের জালে বল পাঠিয়ে ছাড়িয়ে যান ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকারকে।
বাকি ছিল বিশ্বকাপের শিরোপা জয়। রিও দে জেনেইরোর মারাকানায় রোববার আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে সেটাও পূরণ হলো।
সব চাওয়া পূরণ হয়ে যাওয়ার কারণেই হয়ত ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে চান ক্লোসা।
