মারাকানায় বিলীন মেসির স্বপ্ন
চোখে জল নেই, তবে মুখটাই বলে দিচ্ছিল সব। ভীষণ যন্ত্রণাক্লিষ্ট। ভারি হয়ে যাওয়া পা দুটিতে ভর করে তবুও সিড়ি ভেঙে উঠলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারটা নিতে। এটা সোনারই ট্রফি, 'গোল্ডেন বল'। কিন্তু যিনি বিশ্ব জয় করতে এসেছিলেন, 'সামান্য' এই সোনার ট্রফি তার জন্য সান্ত্বনা হতে পারে না।
খেলা শুরুর বাঁশি বাজল। কিন্তু মারাকানার প্রায় ৭৫ হাজার দর্শককে জাদুকরি ফুটবলে মোহাবিষ্ট করতে পারলেন না মেসি। উল্টো মারিও গোটসের অসাধারণ এক গোলে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ নিয়ে ফিরল জার্মানি।
চিরন্তন বন্ধু হয়ে যাওয়া বলের সঙ্গে ফাইনালে মেসির আলাপন শুরু হয় ম্যাচের দ্বিতীয় মিনিটে। একটি থ্রো থেকে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করেন তিনি। বলে তার শেষ ছোঁয়াটা মেসি দেন খেলা শেষের ২ মিনিট আগে। জার্মানির গোল বারের ওপর দিয়ে মারা এক ফ্রিকিকে।
মাঝের ১১৬ মিনিটেও আর্জেন্টিনার 'ছোট্ট জাদুকর' জার্মানির রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি। এটাও ঠিক যে, বিশ্ব ফুটবলের রাজা হতে আসা মেসিকে জার্মান সান্ত্রীদের কড়া পাহারাতেই থাকতে হয় পুরো ম্যাচে।
মাঝে অবশ্য মেসি তার স্বভাবসুলভ ঝলক দেখান। ২৭ বছর বয়সী বার্সেলোনা তারকার একটি শট সমর্থকদের খুব আশা জাগালেও গোল হয়নি। আর ম্যাচের শেষ দিকের একটি হেড গ্যালারির কিছু অংশকে উত্তেজনায় দাঁড় করিয়েছিল।
তবে এই ম্যাচে চূড়ান্ত মেসি-বিশ্লেষণের ফল একটাই-আর্জেন্টিনা দল যদি একটা অর্কেস্ট্রা হয়, তিনি তাহলে সেই দলের কন্ডাক্টর হতে পারেননি; আর্জেন্টিনা দলের স্পন্দনও ছিলেন না। কড়া পাহারায় আটকে যাওয়া হাঁস-ফাঁস করা এক চরিত্রই ছিলেন তিনি। বিচ্ছিন্ন কিছু ঝলক দেখানো ছাড়া তেমন কিছু আর করতে পারেননি মেসি।
এর মধ্যেই শেষ মুহূর্তে স্বপ্ন বাঁচিয়ে রাখার দারুণ এক সুযোগ পান আর্জেন্টিনার মহা-তারকা। বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ফাউলের কারণে জার্মানির গোলবার থেকে ৩০ গজ দূরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা, মেসির জন্য আদর্শ জায়গায়!
