স্বপ্নের মঞ্চে বিনয়ী সাবেইয়া
শেফিল্ডের ব্রামল লেন থেকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। লম্বা একটা পথ পেরিয়েই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির মুখোমুখি দাঁড়িয়ে আলেহান্দ্রো সাবেইয়া। তবে আর্জেন্টিনার ফুটবল পরিব্রাজকের পরিভ্রমণের এই পথ মোটেই সোনায় মোড়ানো ছিল না।
খেলোয়াড় সাবেইয়াও কোচ সাবেইয়ার মতোই ছিলেন। একজন খাটি বিনয়ী ও ভদ্র মানুষ। বুয়েনস আইরেসের উচ্চ মধ্যবিত্ত পরিবারের নম্র ছেলেটি পড়াশোনায় ভালোই ছিলেন। তবে ফুটবলকে ভালোবেসে আইন শাস্ত্র নিয়ে পড়াটা বিসর্জন দেন তিনি।
ফুটবলের কারণেই সত্তরের দশকের শেষের দিকে দেশের মায়া কাটিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান সাবেইয়া। ১৯৭৪ সালে রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে পা রেখেছিলেন। ৪ বছর পর ১৯৭৮ সালে পরিচিত জল-হাওয়া ছেড়ে ইংল্যান্ডের নিচের দিকের লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে নাম লেখান তিনি।
বলা হয়, শেফিল্ড তাকে দিয়েগো মারাদোনার বিকল্প হিসেবে দলে নিয়েছিল। ক্লাবটি আসলে মারাদোনাকেই দলে নিতে চেয়েছিল, কিন্তু তরুণ প্রতিভা মারাদোনার চড়া মূল্যে কুলিয়ে উঠতে পারেনি তারা। এর পরই তারা রিভার প্লেটের মিডফিল্ডার সাবেইয়ার দিকে হাত বাড়ায়।
খেলোয়াড়ি জীবনে ডাকনাম পেয়েছিলেন এল মাগো। বাংলায় যার অর্থ দাঁড়ায় জাদুকর। খেলোয়াড় সাবেইয়ার কোনো জাদুকরি ফুটবলের কথা কাউকে খুব একটা বলতে শোনা যায় না। তবে কোচ হিসেবে সাবেইয়া জাদু ঠিকই দেখিয়ে চলেছেন। এমনকি আর্জেন্টিনা দলে কোচ মারাদোনার স্মৃতি মুছে দিলেন তিনি।
চার বছর আগে মারাদোনার আর্জেন্টিনা জার্মানির কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয়। আর এবার সাবেইয়া তার দল নিয়ে মারাকানার ফাইনালের মঞ্চে পা রাখল।
খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং জীবনে একটু দেরিতেই পা রাখেন আর্জেন্টিনার হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলা সাবেইয়া। কোচ হিসেবে পুরোপুরি আলোয় আসতেও একটু সময় নেন তিনি।
১৫ বছর এখানে-ওখানে দানিয়েল পাসারেলার সহকারী হিসেবে কাজ করেন তিনি। কোচ সাবেইয়া নিজের পায়ে হাঁটতে শুরু করেন ২০০৯ সালে। এস্তুদিয়ান্তেসের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।
প্রথম বছরেই আজেন্টিনার এই ক্লাবটিকে তাদের ইতিহাসে ৩৯ বছর পর কোপা লিবার্তাদোরেস জেতান। তবে এবার আর্জেন্টিনাকে যেভাবে বিশ্বকাপের ফাইনালে তোলেন, সেভাবে নয়। এস্তুদিয়ান্তেসকে তিনি লিবার্তাদোরেস কাপ জেতান দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলিয়ে।
এই ফর্মেশন নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু ৫৯ বছর বয়সী সাবেইয়া তার দর্শন থেকে ফিরে আসেননি। আর এটা যে ভালো কাজে এসেছে, সেটা এখন আর চোখে আঙুল দিয়ে কাউকে দেখিয়ে দেয়ার দরকার নেই।
ফাইনালে ওঠার পথে ৬ ম্যাচের ৪টিতেই কোনো গোল খায়নি আর্জেন্টিনা। নকআউট পর্বে খেলা ৩৩০ মিনিটে তাদের জালে একবারও বল ঢোকেনি। এই সবকিছুই এখন আবার জার্মানির বিপক্ষে ফাইনালে স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনাকে।
