২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিজ্ঞতায় এগিয়ে জার্মানি’

আর্জেন্টিনার খেলোয়াড়দের চেয়ে জার্মানির খেলোয়াড়দের বড় ম্যাচ বেশি খেলেছেন। অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনার চেয়ে তাই নিজের দলকেই এগিয়ে রাখছেন জার্মানির অধিনায়ক ফিলিপ লাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 02:37 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার ব্রাজিল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গত মঙ্গলবার ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় জার্মানি। সেই ম্যাচের পর শিরোপা লড়াইয়ে জার্মানিকেই এগিয়ে রাখছেন অনেকে।

রিও দে জেনেইরোর উদ্দেশে রওনা দেয়ার আগে এক সংবাদ সম্মেলনে লাম জানান, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা জার্মানদের জন্য সহায়ক হবে।

“দলের অনেক খেলোয়াড়ই বড় ক্লাবের হয়ে বড় ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য একটি সুবিধা।”

গত দুটি বিশ্বকাপে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি। তার আগে আসরে ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারা দলটি শেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৯০ আসরে। দুই যুগের অপেক্ষার অবসান চান লাম।

“আমি ফাইনালের জন্য সাগ্রহে অপেক্ষা করছি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।”

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া মিরোস্লাভ ক্লোসা জানান, বিশ্বকাপ জিতলে উদ্দাম উদযাপন করতে পারেন তিনি। তবে সে পথে না হাঁটার কথাই বললেন জার্মান অধিনায়ক।