বিশ্বকাপ জিতলে ক্লোসার উদ্দাম উদযাপন
অ্যালকোহল বলতে গেলে স্পর্শই করেন না মিরোস্লাভ ক্লোসা। তবে জার্মানি ফাইনালে জিতলে পার্টিতে উদ্দাম উদযাপন করবেন বলে জানিয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া এই স্ট্রাইকার।
বৃহস্পতিবার সাংবাদিকদের ক্লোসা, “রোববার আমরা জিতলে আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না। আপনি হয়তো আমার মধ্য থেকে বেরিয়ে আসা ‘পার্টি অ্যানিমেল’টাকে দেখতে পারবেন।”
ব্রাজিলকে বিধ্বস্ত করার পর ফাইনালে অনেকে জার্মানিকে এগিয়ে রাখলেও লাৎসিও স্ট্রাইকার মনে করেন, আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে।
৩৬ বছর বয়সী ক্লোসা বর্তমান জার্মান দলের একমাত্র খেলোয়াড় যিনি ২০০২ সালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ফাইনালে খেলেছিলেন।
“আমি জানি ফাইনালে হেরে গেলে কতটা খারাপ লাগে।”
তাই আর্জেন্টিনার বিপক্ষে সেরা চেষ্টার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপে মোট ১৬ গোল করা এই স্ট্রাইকার।
