২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্বপ্ন ভাঙতে বসেছিল মাসচেরানোর

আরিয়েন রবেনকে বক্সের মধ্যে ঢুকতে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন হাভিয়ের মাসচেরানো। ট্যাকল করার সময় তার মনে হয়েছিল, বিশ্বকাপের স্বপ্নটাই হয়ত ভেঙে যাচ্ছে তার। শেষে রবেনের শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে বাঁচান এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলার যোগ করা সময়ে দারুণ এই সুযোগটি পেয়েছিলেন রবেন। কিন্তু পেছন থেকে এসে তাকে সফলতার সঙ্গে ঠেকিয়ে দেন মাসচেরানো। বক্সের মধ্যে ট্যাকলটি করার সময় মনের মধ্যে অনেক কিছুই ভর করেছিল তার, যা পরে তিনি জানালেন সাংবাদিকদের।

"খুব ভয়ানক ব্যাপার ছিল। আমি ভেবেছিলাম, হয়তো পিছলে যেতে পারি। হয়তো পৌঁছতে পারবো না; ভেবেছিলাম হয়ত ট্যাকলটা করতে পারব না। মনে হয়েছিল, সে আমার চেয়ে এগিয়ে যাবে। মনের মধ্যে অনেক কিছুই ভিড় করেছিল।"

বুধবার সাও পাওলোতে দুই দলের সেমি-ফাইনালটির ১২০ মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। এর পর টাইব্রেকারে ডাচদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

পুরো ম্যাচ জুড়েই ভালো খেলা মাসচেরানো ওই ট্যাকলটি ঠিকভাবে করতে পারায় স্বস্তির নি:শ্বাস ফেলেন।

"আমি ট্যাকলটির জন্য জায়গা মতো পৌঁছাতে পারলাম এবং এটা গোল হয়নি।"

রবেনের বাড়তি একটা ছোঁয়ার কারণেই মাসচেরানো জায়গা মতো পৌঁছতে পেয়েছিলেন।

"সে স্নেইডারের সঙ্গে দেয়া-নেয়াটা দারুণ করেছিলেন, কিন্তু বাড়তি একটি টোকা দিতে গিয়ে আরো আগে বলটি মারতে পারেনি সে। এটাই আমাকে সুযোগটা দিয়েছে, সেকেন্ডেরও ভগ্নাংশ বাড়তি সময় পেয়েছি।"

এই গোলটি বাঁচাতে মরিয়া ছিলেন মাসচেরানো। আর এর জন্য যে কোনো কিছু করতে তৈরি ছিলেন তিনি। এমনকি পেনাল্টির বিনিময়ে হলেও গোলটি বাঁচাতে চাইতেন বার্সেলোনার এই মিডফিল্ডার।