ব্যাখ্যা নেই সেজারের কাছেও
জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের কোনো ব্যাখ্যা নেই ব্রাজিলের গোলরক্ষক জুলিও সেজারের কাছে।
ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় সেজার জানান, অবিশ্বাস্য এই হার সম্পূর্ণ অপ্রত্যাশিত।
প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যাওয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আরো দুবার সেজারকে পরাস্ত করেন। বিশ্বকাপ থেকে স্বাগতিকদের বিদায়ের পাশাপাশি নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।
"প্রথম গোলটির পর আমরা চোখে অন্ধকার দেখি। এটা কারো প্রত্যাশিত ছিল না। সত্যি বলতে কী, এটা ব্যাখ্যা করা কঠিন। ব্যাখ্যাতীত কোনো বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন না।"
১৯২০ সালে কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। আর ১৯৩৪ সালে প্রীতি ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে ৮-৪ গোলে হেরেছিল তারা।
বিশ্বকাপের সেমি-ফাইনালেও সবচেয়ে বড় হারের লজ্জা এখন ব্রাজিলের। প্রথম আসরে আর্জেন্টিনা ও উরুগুয়ে প্রতিপক্ষকে হারিয়েছিল ৬-১ ব্যবধানে। আর ১৯৫৪ সালে একই ব্যবধানে সেমি-ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়েছিল পশ্চিম জার্মানি।
১৯৭৫ সালের পর এই প্রথম দেশের মাটিতে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ হারল ব্রাজিল। সেবার কোপা আমেরিকায় পেরুর কাছে এই বেলো হরিজন্তেতেই হেরেছিল দেশটি।
স্বভাবই বিশ্বকাপে এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার। আগের বড় হারটি ছিল ফ্রান্সের বিপক্ষে। ১৯৯৮ সালের বিশ্বকাপে জিনেদিন জিদানের দলটির কাছে ৩-০ গোলে হেরেছিল 'সেলেসাওরা'।
জার্মানির কাছে ব্রাজিলের আগের বড় পরাজয়টি ছিল ২-০ গোলের। সেটি ছিল ১৯৮৬ সালের এক প্রীতি ম্যাচে।
