চোট কাটিয়ে অনুশীলনে ৩ ডাচ খেলোয়াড়
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগ হচ্ছে নেদারল্যান্ডস শিবিরে। চোট কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন নাইজেল ডি ইয়োং, রুন ভ্লার ও লেরোয় ফের।
ফলে বুধবার সাও পাওলোয় সেমি-ফাইনাল ম্যাচের আগে অনুশীলনে পেটের পীড়ায় ভোগা রবিন ফন পের্সিকে ছাড়া আর সবাইকেই পাচ্ছেন কোচ লুই ফন গাল। তবে ওই তিনজন খেলার মতো 'ফিট' কি না, তা জানায়নি দলটি।
দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে কুঁচকিতে চোট পান ডি ইয়োং। সে সময় ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছিল দলের চিকিৎসকেরা।
হাঁটুর সমস্যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলা অনিশ্চিত হলেও অনুশীলনে ফিরেছেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার ভ্লার। আর ঊরুর সমস্যা কাটিয়ে তার সঙ্গী মিডফিল্ডার লেরোয় ফেরও।
