ব্রাজিলকে সমীহ শোয়াইনস্টাইগারের
চোটের কারণে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় মর্মাহত জার্মানির বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। প্রতিপক্ষের সেরা তারকা না থাকলেও স্বাগতিকদের প্রতি সমীহের কমতি নেই এই মিডফিল্ডারের।
মঙ্গলবার বেলো হরিজন্তেতে সেমি-ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানি।
২০০২ সালে জার্মানিকে হারিয়েই পাঁচ বিশ্বকাপ শিরোপার শেষটি জিতেছিল ব্রাজিল। বিশ্বকাপে সেটাই ছিল দুই দলের একমাত্র লড়াই।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া নেইমার সম্পর্কে শোয়াইনস্টাইগার বলেন, “সে খেলতে পারবে না, এতে আমরা খুবই মর্মাহত।”
বায়ার্ন মিউনিখ তারকা মনে করেন, নেইমারের সতীর্থরা এখন তার জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করবে। ব্রাজিলে আরো কয়েকজন ভালো খেলোয়াড় থাকলেও শোয়াইনস্টাইগার জানান, শেষ চারের ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে তিনবারের চ্যাম্পিয়নরা।
জিততে চান জানিয়ে শোয়াইনস্টাইগার বলেন, “ওদের দুজন অসাধারণ কোচ আছে। লুইস ফেলিপে স্কলারি আর কার্লোস আলবার্তো পেরেইরা দুই জনই বিশ্বকাপ জিতেছেন।”
এই মিডফিল্ডারের বিশ্বাস, সবচেয়ে বুদ্ধিমান কোচের দল শিরোপা জিতবে। ব্রাজিলের ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি কোচদের অভিজ্ঞতা জার্মানির সবচেয়ে বড় বাধা হবে।
