রদ্রিগেসের হতাশা
গ্রুপ পর্বের পর দ্বিতীয় রাউন্ডেও দুর্দান্ত খেলা কলম্বিয়া কোয়ার্টার-ফাইনালে এসে একরকম থমকে দাঁড়ালো। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শেষ দিকে লড়াইয়ে ফিরলেও কোনো অঘটনের জন্ম তারা দিতে পারেনি। তাই আশা জাগিয়েও বেশিদূর এগোতে না পারায় হতাশ পাদপ্রদীপের আলোয় উঠে আসা হামেস রদ্রিগেস।
শুক্রবার ফরতালেজার আরেনা কাস্তেলাওয়ে শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে গেছে কলম্বিয়া।
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর রদ্রিগেস বলেন, “আমাদের মন ভারাক্রান্ত কারণ বিশ্বকাপে আমরা আরো দূরে যেতে চেয়েছিলাম। আর এটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।”
দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে মোনাকোর এই মিডফিল্ডার বলেন, “কলম্বিয়ার মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ তারা সবসময় আমাদের সঙ্গে ছিল এবং আমাদের উপর বিশ্বাস রেখেছিল।”
গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে নকআউট পর্বে উঠে আসা কলম্বিয়া দ্বিতীয় রাউন্ডে উরুগুয়েকে হারায় ২-০ গোলে। টানা চার ম্যাচ জিতে দুর্দান্তভাবে কোয়ার্টার-ফাইনালে ওঠা কলম্বিয়ার শেষ চাপে পৌঁছাতে হলে হারাতে হতো স্বাগতিক ব্রাজিলকে।
নিশ্চিতভাবেই বড় কঠিন পরীক্ষা, কিন্তু ৪ ম্যাচে ৫ গোল করা রদ্রিগেসের আরেকবার জ্বলে ওঠার স্বম্ভাবনায় সেটা অসম্ভব ছিল না। রদ্রিগেস গোল পেলেনও, কিন্তু জেতা হলো না।
কলম্বিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে বিশ্বকাপের মঞ্চে এখনও সবার ওপরে। ৬ গোল করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে সবার আগে তিনি। তার চেয়ে ২ গোল কম করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন টমাস মুলার, লিওনেল মেসি ও নেইমার।
