কে হবে নেইমারের বিকল্প?
বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের বাহক ছিলেন নেইমার। বিশ্বকাপ থেকে তার ছিটকে পড়ায় বড় এক ধাক্কাই খেল ব্রাজিলের এই স্বপ্ন। এবার দেশটি জুড়ে আলোচনা চলছে, নেইমারের বিকল্প হিসেবে কাকে খেলাবেন কোচ লুইস ফেলিপে স্কলারি।
ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার ২-১ গোলে জেতা ম্যাচে পিঠে চোট পান নেইমার। তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে বলে জানান চিকিৎসরা। এই বিশ্বকাপে আর খেলা হবে না বার্সেলোনা তারকার।
বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে আগামী মঙ্গলবার সেমি-ফাইনালে তার অভাবটা কে পূরণ করবে? কার ওপর ভরসা রাখবেন স্কলারি?
একটি বিষয়ে সবাই মোটামুটি একমত-স্কলারির হাতে বিকল্প খুবই কম। নেইমারের মতো ঝলক দেখিয়ে, কখনো একটি পাসে অথবা দারুণ একটি কর্নার বা ফ্রি-কিকে ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো খেলোয়াড় ব্রাজিলের দলে খুব বেশি নেই।
অনেকেই মনে করছেন ফের্নানদিনিয়ো আরেকটু ওপরে উঠে ফরোয়ার্ডে খেলতে পারেন। অথবা পাওলিনিয়ো আর লুইস গুস্তাভোও এই কাজটা করতে পারেন। এমনও হতে পারে স্কলারি জো আর ফ্রেদকে এক সঙ্গে খেলালেন।
অনেকে আবার অস্কার আর হাল্ককে একেবারেই মাঝমাঠে খেলানোর পক্ষে কথা বলছেন। এখন পর্যন্ত এ দুজন ব্রাজিল দলে মিডফিল্ডার কাম উইঙ্গারের ভূমিকায় খেলে যাচ্ছেন।
বের্নাদের বয়স মাত্র ২১ হলেও দলের খেলায় ভালো গতি নিয়ে আসতে পারবেন বলে মনে করেন কেউ কেউ। এমনিতেও স্কলারির পছন্দের খেলোয়াড়দের মধ্যে একজন তিনি।
শাখতার দোনেৎস্কের এই ফরোয়ার্ডকে নিয়ে এর আগে স্কলারি বলেছিলেন-তার পায়ে আনন্দ আছে।
তবে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবের্তো তরেসের পছন্দ উইলিয়ানকেই। চেলসির এই মিডফিল্ডার দারুণ ফর্মে রয়েছেন। নেইমারের বিকল্প হিসেবে উইলিয়ানকে ভাবার পেছনে যুক্তিও দেন আলবের্তো।
"ওর প্রতিভা আছে এবং ও আবার পেছনে এসে মার্কও করতে পারে। নেইমারের বিকল্প হিসেবে উইলিয়ানের চেয়ে ভালো আর কাউকে আমি দেখি না।"
"আমরা নেইমারের অভাব বোধ করবো...কিন্তু হতাশ হতে পারি না। আমরা এখন বিশ্বকাপের সেমি-ফাইনালে। আজ (শুক্রবার) আমরা ভালো খেলেছি এবং তার (নেইমার) জায়গায় যে-ই আসুক, জার্মানিকে হারাতে হলে তাকে দলের অংশ হয়ে খেলতে হবে।"
