টিকেট কালোবাজারিতে ফিফা কর্মকর্তা!
বিশ্বকাপ টিকেটের কালোবাজারিতে ফিফার এক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে ব্রাজিলের পুলিশ।
তবে ওই কর্মকর্তার নাম বা পরিচয় এখনও জানায়নি আয়োজক দেশটির পুলিশ প্রশাসন।
এই সপ্তাহের শুরুতে টিকেট কালোবাজারির দায়ে ১১ জনকে গ্রেপ্তার করে ব্রাজিলের পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে টিকেট বিক্রির অভিযোগ রয়েছে। তারা যে টিকেট বিক্রি করছিল তার মধ্যে খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত টিকেটও ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পরে ওই ঘটনার তদন্ত শুরু করলে একটি ফোন আলাপের সূত্র ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ওই ফিফা কর্মকতার নামের প্রথম অংশ জানতে পারে পুলিশ।
তদন্তে নিযুক্ত প্রধান কর্মকর্তা ফাবিও বারুকে জানান, সন্দেহভাজন ওই কর্মকর্তার ফিফার কার্যালয়, স্টেডিয়াম এবং অন্যান্য প্রশাসনিক কেন্দ্রে অবাধ যাতায়াতের সুযোগ আছে।
এই কর্মকর্তা ব্রাজিলের লোক নন বলেও জানান বারুকে। বিশ্বকাপের জন্যই সন্দেহভাজন ওই কর্মকর্তা বর্তমানে ব্রাজিলে আছেন।
ওই কর্মকর্তার পরিচয় শনাক্ত করতে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সাহায্য চেয়েছে পুলিশ।
