২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের শিকার হতে চায় না ডাচরা

ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় কোস্টা রিকার প্রতি সমীহের কমতি নেই নেদারল্যান্ডসের। তবে শেষ আটের লড়াইয়ে মধ্য আমেরিকার দেশটিকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:05 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, ইতালি আর ইংল্যান্ডকে পেছনে ফেলে ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় কোস্টা রিকা। উরুগুয়ে, ইতালিকে হারানো দলটি শেষ ষোলোর লড়াইয়ে হারায় সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে।

শনিবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে কোস্টা রিকা ও নেদারল্যান্ডস।

ফিফা ডটকমকে রবেন জানান, কোস্টা রিকাকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না ডাচরা।

“কোস্টা রিকা খুব ভালো একটি দল। গ্রুপ পর্যায়ে তারা এরই মধ্যে এর প্রমাণ দিয়েছে। আর ওদের গ্রুপটি ছিল খুব কঠিন।”

মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষ ৬ মিনিটে দুই গোল করে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো শেষ আটে পৌঁছায় কোস্টা রিকা।

কোস্টা রিকার খেলায় মুগ্ধ রবেন মনে করেন, জিততে হলে ডাচদের খুব ভালো প্রস্তুতি নিতে হবে।