২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে এগিয়ে রাখলেন মাতুউদি

জার্মানির বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন ব্লেইজ মাতুউদি। নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবে দেখছেন ফরাসি এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 01:09 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও জার্মানি।

এক সংবাদ সম্মেলনে মাতুউদি বলেন, “সাম্প্রতিক সাফল্যের বিচারে জার্মানিকে আমরা ফেভারিট বলতে পারি।”

তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি অন্যতম ফেভারিট হিসেবেই ব্রাজিল বিশ্বকাপে খেলতে আসে। সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না কেউ।

কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ধারণা পাল্টাতে শুরু করে। প্রথম দুই ম্যাচে হন্ডুরাসকে ৩-০ এবং সুইজারল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে আলোচনায় উঠে আসে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে ২-০ গোলে হারায় তারা।

দলের এমন দারুণ পারফরম্যান্সের পরও প্রত্যাশা পারদ চড়তে দিচ্ছেন না ফরাসিদের কোচ দিদিয়ে দেশম। শেষ আটে পৌঁছাতে পেরেই নাকি খুশি তিনি।

তাই বলে জয়ের আশা বাদ দিচ্ছে না ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ চারে ওঠার আশায় মাতুউদি বলেন, “একটা ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। শেষ ষোলোর লড়াইয়ে আমরা সেটাই দেখেছি। এখানে বর্তমানে কোনো ফেভারিট দল নেই। এটা খুব কঠিন একটা প্রতিযোগিতা।”

“আমরা ওদের সমস্যায় ফেলবো এবং পরের রাউন্ডে যেতে সবকিছু করবো,” যোগ করেন তিনি।