২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া একজনের দল নয়: দুঙ্গা

হামেস রদ্রিগেস একাই নন, কলম্বিয়া দলে আরো খেলোয়াড় আছে- কলম্বিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচে নামার আগে উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 12:44 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

চার ম্যাচে পাঁচ গোল করে রদ্রিগেস এখন পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপের শীর্ষ গোলদাতা।

শেষ ষোলোর লড়াইয়ে উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচে দুটি গোলই করেন মোনাকোর এই প্লেমেকার।

১৯৯৪ সালে ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ী দলের অধিনায়ক দুঙ্গা কলম্বিয়াকে একজনের দল মানতে নারাজ।

“কলম্বিয়া দলে হামেসের মতো একজন খুব ভালো খেলোয়াড় রয়েছে। তবে পুরো দল হামেসকে সহায়তা করে আর ওরা সবাই খুব ভালো খেলে।”

ব্রাজিলের সাবেক কোচ বলেন, “ব্রাজিল ও আর্জেন্টিনা নেইমার আর মেসির ওপর অনেক বেশি নির্ভরশীল। সেখানে কলম্বিয়া হামেসের ওপর এত নির্ভর করে না।”

শুক্রবার ফরতালেজায় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়াকে স্বাগতিকরা হারাতে পারলে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান দুঙ্গা।