২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারানোর উপায় জানা হ্যাজার্ডের

কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর একটা উপায় বের করেছেন এডেন হ্যাজার্ড। মেসিকে রুখে দাও, জয় নিয়ে মাঠ ছাড়ো-সতীর্থদেরকে এই কথাই বলে রেখেছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 12:23 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শনিবার রাত ১০টায় শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেলজিয়াম।

অতিরিক্ত মেসি-নির্ভর হওয়ায় এমনিতেই আলেহান্দ্রো সাবেইয়ার আর্জেন্টিনাকে সমালোচনা সামলাতে হচ্ছে। হ্যাজার্ডও আর্জেন্টিনার এই দুর্বলতাকেই কাজে লাগাতে চান।

"আমরা জানি, বিশ্বের সেরা খেলোয়াড় এই দলে আছে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। আমরাও জিততে পারি। আর্জেন্টিনা ভালো করেছে, ওদের একজন বড় খেলোয়াড় আছে, যে পার্থক্য গড়ে দিতে পারে। তাকে রুখতে পারলেই আমদেরও সুযোগ থাকবে। কিন্তু এটা সহজ হবে না।"

মেসিকে থামাতে পারলে জয় পাওয়ার সুযোগ আছে জানেন; তবে হ্যাজার্ড এটা বুঝতে পারছেন না, বার্সেলোনার এই ফরোয়ার্ডকে কিভাবে থামাতে হবে।

"আমার কাছে সে বিশ্বের সেরা খেলোয়াড়। জানি না কিভাবে তাকে থামাব, কিন্তু আমরা ভিডিও দেখব এবং জিততে চেষ্টা করব।"

আনহেল দি মারিয়াকে বড় একটা হুমকি হিসেবে দেখলেও মেসিই আসল পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন হ্যাজার্ড।