২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানোর প্রমাণ পায়নি ফিফা

বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে ফিফা। ম্যাচ পাতানোর অভিযোগ আনা জার্মান সাময়িকী ডের স্পিগেলকে প্রমাণ দিতে বলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 12:17 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

ম্যাচ পাতানোর অভিযোগ আনা জার্মানির সাময়িকীটি তাদের দাবির পক্ষেই স্থির রয়েছে।

ফিফার গণমাধ্যম প্রধান দেলিয়া ফিশার জানান, বিশ্বকাপে ম্যাচ পাতানোর ব্যাপারে এখনো তাদের কাছে কোনো প্রমাণ নেই।

তিনি আরো জানান, অভিযোগের পক্ষে যে কোনো প্রমাণ ফিফাকে দেয়ার জন্য ডের স্পিগেলকে অনুরোধ জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

'এ' গ্রুপের দল ক্যামেরুন প্রথম রাউন্ডে তাদের সবকটি ম্যাচই হেরেছে। তবে অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যামেরুনের ম্যাচটি নিয়ে। ওই ম্যাচে ৪-০ গোলে হারে আফ্রিকার দলটি।

সেই ম্যাচে ৪০তম মিনিটে মারিও মানজুকিচকে পেছন থেকে দৌড়ে এসে কনুই মারার কারণে লাল কার্ড দেখেন ক্যামেরুনের আলেক্স সং। আর শেষ দিকে আবার ক্যামেরুনের দুই সতীর্থ বেনোয়া আসু-একোতো ও বেঞ্জামিন মুকাঞ্জো নিজেদের মধ্যে কলহে জড়িয়ে পড়েন।

ক্যামেরুনের ৭ ফুটবলারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর দেশটির ফুটবল কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করার কথা জানিয়েছিলেন।

পুরনো খবর:

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ