অজেয় পেকারমান থামাবেন ব্রাজিলকে?
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কখনো না হারা হোসে পেকারমান থামাতে চান ব্রাজিলকে।
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে থাকা ব্রাজিলের বিপক্ষে শুক্রবার শেষ আটের লড়াইয়ে নামবে পেকারমানের দল কলম্বিয়া।
২০০৬ সালে নিজ দেশ আর্জেন্টিনার কোচ ছিলেন পেকারমান। কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়ে দুইবারের চ্যাম্পিয়নরা। টাইব্রেকারের হারের ম্যাচ পরিসংখ্যানের পাতায় লেখা হয় ড্র হিসেবেই।
এবার টানা চার ম্যাচেই জয় পেয়েছে তার দল কলম্বিয়া। তাই স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত পেকারমান এখনও অপরাজিত।
উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পর থেকে ব্রাজিল বধের পরিকল্পনা আঁটছেন পেকারমান।
ব্রাজিল সম্পর্কে তার মত, জয়ের জন্য মরিয়া সম্ভাবনাময় একটি দল ফল না পেলে এতো অসাধারণ খেলতে পারবে না।
রাদামেল ফ্যালকাওয়ের চোটের পর কলম্বিয়াকে নিয়ে বাজি ধরার লোক খুব একটা ছিল না। কিন্তু হামেস রদ্রিগেস, জ্যাকসন মার্তিনেসরা নিজেদের নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তাই ব্রাজিলের জন্য কলম্বিয়াকে বড় চ্যালেঞ্জ মানছেন অনেকেই।
তারকা খচিত ব্রাজিলকে প্রছন্ন একটা হুমকি দিলেন, “প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ, একটি দল কম তারকা নিয়েও অন্য দলের ভারসাম্য নষ্ট করতে পারে।”
