২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ফর্ম নিয়ে কোচের দুশ্চিন্তা

ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপে স্বপ্নীল এক সূচনাই হয়েছিল জার্মানির। কিন্তু ধীরে ধীরে তারা যেন ম্লান হয়ে যাচ্ছে। দলটির সহকারী কোচ আন্ড্রিয়াস কোপকে মেনে নিলেন, জার্মানি ভালো খেলতে পারেনি এবং বললেন তাদের উন্নতি করতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। এর আগে বুধবার এক সম্মেলনে কোপকে জার্মানির হঠাৎই ফর্ম হারিয়ে ফেলা নিয়ে কথা বলেন।

"অবশ্যই সবকিছু ঠিকঠাক হচ্ছে না এবং আমরা বিষয়টি নিয়ে সচেতন। আমরা এগুলো দলের অভ্যন্তরীন আলোচনায় এড়িয়ে যাই না।"

বিষয়গুলো এড়িয়ে গেলে দলের আরো ক্ষতি হবে বলে মনে করেন কোপকে। এ কারণেই তাদের ভুলগুলো নিয়ে নিজেরা খোলাখুলি আলোচনা করেন বলে জানান তিনি।

ভুলগুলো আলোচনার মাধ্যমে শুধরে না নিলেই বিপদ হতে পারে বলে মনে করেন জার্মানির সহকারি কোচ। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে জার্মানি দলকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেটাতে কান দিচ্ছেন না কোপকে। আসলে পত্রপত্রিকার সমালোচনাগুলো তিনি পড়েনই না বলে জানান।

বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে জার্মানির পারফরম্যান্স নিয়েই সমালোচনা হচ্ছে। তবে কোপকে মনে করেন, আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে তার দল ভালোই খেলেছে।

ম্যাচে শুরুর একাদশ বাছাই করতে গিয়েই নাকি বিপদে পড়তে হচ্ছে জার্মানি দলকে। এ নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন মত তাকে একটু অবাকও করছে।

"পাঁচ জনের সঙ্গে কথা বললে, লাইন-আপ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত পাই।"

এ কারণে সাত-পাঁচ না ভেবে জার্মানি নিজেদের মতোই এগিয়ে যেতে চায় বলে জানান কোপকে।

"কোনটা সবচেয়ে ভালো হবে, তা আমাদেরই সিদ্ধান্ত হবে। আমরা আমাদের চাপে ফেলতে পারি না। এরই মধ্যে অনেক চাপ নিয়ে ফেলেছি আমরা।"