২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে নিয়ে গর্বিত ক্লিন্সমান

বেলজিয়ামের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে গর্বিত দলের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে হেরেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে জার্মানির সাবেক স্ট্রাইকার ক্লিন্সমান বলেন, “আমাদের দল নিয়ে আমি গর্বিত। বিশ্বকাপে এই পারফরম্যান্স দিয়ে মাঠে প্রতিটি খেলোয়াড় তাদের দেশকে গর্বিত করেছে।”

যুক্তরাষ্ট্রের ফুটবলকে এগিয়ে নিতে প্রতিটি কোণ থেকে প্রতিভা খুঁজে আনতে সবকিছু করবেন বলে জানান ক্লিন্সমান।

“আমাদের আরো শিখতে হবে, আমরা সেই প্রক্রিয়ায়তেই আছি। খুব প্রতিভাবান দলগুলোর বিপক্ষেও আপনাকে নিজের খেলাটা খেলতে হবে।”

বেলজিয়ামের বিপক্ষে ১৫টি সেভ করে নতুন বিশ্ব রেকর্ড গড়া গোলরক্ষক টিম হাওয়ার্ডের প্রশংসা করে ক্লিন্সমান বলেন, “আজ টিম যা খেলেছে তা বিষ্ময়কর, অসামান্য- সে দীর্ঘ সময় আমাদের খেলায় রেখেছিল। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা গর্বিত।”

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ায় রেকর্ডের কোনো গুরুত্ব নেই হাওয়ার্ডের কাছে।

বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ায় ভীষণ হতাশ  এভারটনের এই গোলরক্ষক। তিনি জানান, হেরে গেলে কয়টা সেভ করলেন তার কোনো গুরুত্ব থাকে না।