ব্রাজিলের জন্য কলম্বিয়ার বিশেষ প্রস্তুতি নেই
কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল হলেও এ নিয়ে খুব একটা ভয় পাচ্ছে না কলম্বিয়া। অনুশীলনে তারা বাড়তি বা বিশেষ কোনো প্রস্তুতিও নিচ্ছে না বলেও জানিয়েছেন দলটির ডিফেন্ডার কার্লোস ভালদেস।
ফরতালেজায় আগামী শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে নামবে ব্রাজিল। গ্রুপ পর্বে অসাধারণ খেলা কলম্বিয়া এই ম্যাচে তাদের স্বাভাবিক খেলাটাই খেলে যেতে চায়।
ভালদেস বলেন, "ঐতিহ্যগতভাবে ব্রাজিল বল দখলের ফুটবল খেলে। কিন্তু আমরা যখনই কোনো দলের মুখোমুখি হই, একই রকম প্রস্তুতি নেই।"
এই টুর্নামেন্টে ব্রাজিল এখনো তেমন মনকাড়া ফুটবল উপহার দিতে না পারলেও তাদের প্রতি বেশ সমীহ আছে ভালদেসের।
"ব্রাজিল দলে অনেক ভালো খেলোয়াড় আছে।"
ব্রাজিলকে বিপদে ফেলার জন্য আক্রমণভাগে আছে ৩ ম্যাচে ৫ গোল করা হামেস রদ্রিগেস। তবে রদ্রিগেসের এই ফর্ম নিয়ে না ভেবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে যাওয়ার কথা জানান।
"আমরা সবসময়ই টুর্নামেন্টে ধাপে ধাপে এগোনোকে প্রাধান্য দিয়ে এসেছি। আমাদের চাবিকাঠিই হচ্ছে, তিনি (পেকারমান) আমাদের বৈশিষ্ট্য বোঝেন।"
