মেসি বনাম 'মেসি'
দিয়েগো মারাদোনার সময়ে নানান ‘মারাদোনা’ ছিলেন বিশ্বের নানা জায়গায়। কেউ ‘কার্পাথিয়ান্স মারাদোনা’, কেউ ‘বলকান মারাদোনা’, আবার কেউ-বা ‘মরুর মারাদোনা’। লিওনেল মেসির এই সময়েও অমন অনেক ‘মেসি’র দেখা মেলে। তেমনিই একজন ‘আলপাইনের মেসি’র সঙ্গে যে আজ মাঠে দেখা হয়ে যাচ্ছে সত্যিকারের মেসির!
সাও পাওলোর আরেনা করিস্থিয়ান্সে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। মেসির দলের সামনে ইউরোপিয়ানদের উড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাদের কপালে চিন্তার সূক্ষ ভাঁজ পড়ছে প্রতিপক্ষের একজনের কারণেই। ‘আলপাইনের মেসি’ আদুরে নামের জেরদান শাচিরির জন্য। আগের ম্যাচে হ্যাটট্রিক করে যিনি আছেন তুখোড় ফর্মে।
তা থাকুন। সত্যিকার মেসিও-বা কম কিসে! না হয় এখনো বিশ্বকাপে হ্যাটট্রিক হয়নি। কিন্তু তিন ম্যাচের প্রতিটিতেই করেছেন গোল! বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে গনসালো হিগুয়াইনের সঙ্গে বল দেয়ানেয়ার পর দূরপাল্লার শটের গোলটি পরে হয়ে ওঠে জয়সূচক। ইরানের বিপক্ষে ওই বক্সের বাইরে থেকে জাদুকরী আরেক শটে নেওয়া গোলও তাই। তখন পর্যন্ত গোলশূন্য ম্যাচে ওই ছবির মতো মুহূর্তের জন্ম যে ইনজুরি সময়ে! এরপর নাইজেরিয়ার বিপক্ষে জয়ে মেসি করলেন জোড়া গোল। এর মধ্যে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদটি অনেকদিন মনে রাখার মতো।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ওসব কিছু কিন্তু মনে রাখছেন না মেসি। বরং নকআউট পর্ব শুরু হওয়ার আগে ভীষণ সতর্ক তিনি, “এখন থেকে শুরু হচ্ছে সত্যিকার বিশ্বকাপ। আর কোনো ভুল করা চলবে না। কারণ যে কোন ভুলই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।” অন্তরে পুষে রাখা ট্রফি জয়ের লক্ষ্যটার কথাও জানিয়ে দিয়েছেন আরেকবার, “বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দময় আর কিছু হতে পারে না। নিজ দেশের হয়ে সেই অর্জনটি হবে অবিশ্বাস্য।”
ওই অর্জন থেকে এখনো চার ধাপ দূরে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে যেমন ফুটবল খেলেছে তারা, তাতে আশার পাশাপাশি হতাশাও কম নেই। নড়বড়ে রক্ষণভাগ, মধ্যমাঠে সৃজনশীলতার অভাব আর সবচেয়ে বড় ব্যাপার মেসির উপর অতিরিক্ত নির্ভরতা। আর্জেন্টিনার করা ছয় গোলের মধ্যে চারটি অধিনায়কের, একটি আত্মঘাতী, আরেকটি ডিফেন্ডার মার্কোস রোহোর হাঁটুতে লাগা ভাগ্যপ্রসূত গোল। উন্নতির তাগিদ তাই কোচ আলেহান্দ্রে সাবেইয়ার, “তিন ম্যাচ জিতে আমরা ৯ পয়েন্ট পেয়েছি ঠিক। কিন্তু উন্নতির সুযোগ সবসময়ই থাকে।” আগের ম্যাচে ইনজুরিতে পড়া সের্হিয়ো আগুয়েরো আজ খেলছেন না। তাঁর জায়গা নেবেন এসেকিয়েল লাভেস্সি।
সুইজারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে এসেছে ‘ই’ গ্রুপ রানার্সআপ হয়ে। প্রথম খেলায় শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারালেও ফ্রান্সের কাছে ২-৫ গোলে হেরে নকআউট পর্বের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল প্রায়। একক প্রচেষ্টায় সেটি আবার পুনরুদ্ধার করেন ‘আলপাইনের মেসি’ শাকিরি। গ্রুপের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে হন্ডুরাসের বিপক্ষে সুইসদের ৩-০ গোলে জিতিয়ে। তাদের মুখোমুখি হওয়ার আগে তাই নির্ভার নয় আর্জেন্টিনা। হাভিয়ের মাসচেরানো তো বললেনই তাই, “সুইজারল্যান্ড ভালো এক দল যারা সুন্দর ফুটবল খেলতে পছন্দ করে। দারুণ কিছু ফুটবলার আছে ওদের, শাচিরি ও সেফেরোভিচ দারুণ ফর্মে এখন, আমাদের তাই সতর্ক হতে হবে।”
সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড ফেভারিটের তকমা দিচ্ছেন আর্জেন্টিনাকেই। তবে নিজ দলের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, “পরিষ্কারভাবেই আমরা এখানে আন্ডারডগ। আর যখন আমাদের হারানোর কিছু নেই, তখন আসলে জেতার আছে অনেক কিছু। আর্জেন্টিনার বিপক্ষে আমরা তাই ইতিহাস সৃষ্টি করতে পারি। আর ব্যাপার যখন মাত্র এক ম্যাচের, তখন যে কোন কিছুই সম্ভব।”
এরপর শাচিরির উপর নির্ভরতার কথা জানাতেও দ্বিধা করেননি, “শাচিরি যদি আগের ম্যাচের ফর্মে থাকে, তাহলে আর্জেন্টিনাকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই থাকবে।”
আর মেসি যদি ধরে রাখে ফর্মের ধারাবাহিকতা? আগের ছয় লড়াইয়ে দুই ড্রয়ের বিপরীতে আর্জেন্টিনার চার জয়ের সঙ্গে পঞ্চমটি যোগ হওয়া কেবলই সময়ের ব্যাপার। আর মেসিকে আটকানো যে সহজ হবে না, সেটি মেনে নিয়েছেন সুইস গোলরক্ষক দিয়েগো বেনাগলিও, “অন্যান্য ম্যাচের মতোই আমরা প্রস্তুতি নিচ্ছি। এটি জেনেই যে, মেসিকে পুরোপুরি নিষ্প্রভ রাখা খুব কঠিন হবে। ওর অনেক ভিডিও আমরা দেখেছি, যেখানে গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করে ফেলে ও।”
এত দিন এটি মেসি ধারাবাহিকভাবে করতেন বার্সেলোনার জার্সি গায়ে। এবার করা শুরু করেছেন আর্জেন্টিনার জার্সিতেও। ‘আলপাইনের মেসি’র সর্বশেষ ম্যাচের হ্যাটট্রিকের কথা বলে এই জাদুকরকে একটুও পিছিয়ে রাখা যাবে না। কারণ আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে মেসি করেছিলেন দেশের জার্সি গায়ে তাঁর প্রথম হ্যাটট্রিক!
