২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত পগবা

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মূল্যবান একটি গোল করে খুশিতে আত্মহারা ফরাসি মিডফিল্ডার পল পগবা। নাইজেরিয়ার বিপক্ষে গোল করার মুহূর্তটাকে জীবনের অন্যতম সেরা সময় বললেন ইউভেন্তুসের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:16 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

সোমবার নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ম্যাচের ৭৯তম মিনিটে করা পগবার গোলেই এগিয়ে যায় ফ্রান্স। আর শেষদিকে জোসেফ ইয়োবোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত পগবা বলেন, “এই অনুভূতি বর্ণনা করার মতো ভাষা আমার নেই। পুরো দেশ আমাদের পেছনে আছে আর ওই গোলটা আমাদের উজ্জ্বীবিত করেছে।”

২১ বছর বয়সী পগবার মতে, দেশের জন্যে গোল করাটা সবসময়ই বিশেষ কিছু। আর সেটা বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বলেই তার জীবনের অন্যতম সেরা একটা ঘটনা।

শেষ আটে উঠতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। তবে আত্মতুষ্টিতে না ভুগে আরো সামনে এগোনোর লক্ষ্যে দেশম বলেন, “আমরা এখন কোয়ার্টার-ফাইনালে এবং আরেকধাপ এগোতে যা কিছু সম্ভব তার সবই আমরা করবো।”

পগবার প্রশংসা করে দেশম বলেন, “তার যোগ্যতা নিয়ে আমি কখনও সন্দেহ করিনি। সে চমৎকার একটা ম্যাচ খেলেছে। আশা করি, এখন থেকে নিয়মিত সে এভাবে খেলতে পারবে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার রাত দশটায় জার্মানির বিপক্ষে খেলবে ফ্রান্স।