আরো এগুতে চান হাওয়ার্ড
বিশ্বকাপের অন্যতম কঠিন ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেই সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছে যুক্তরাষ্ট। দলটির গোলরক্ষক টিম হাওয়ার্ডের মতে, উত্তর আমেরিকার দলটি দেখিয়েছে, যেকোনো প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে। ভালো ফুটবলের সে ধারাবাহিকতায় আরো কিছুদুর এগোতে চায় তারা।
বিশ্বকাপ শুরুর আগে কজন ভেবেছিল- ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা গতবার শেষ আটে খেলা ঘানাকে পেছনে ফেলে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠবে যুক্তরাষ্ট্র? দলটির গোলরক্ষক টিম হাওয়ার্ডের মতেও, সংখ্যাটা বেশি ছিল না।
কিন্তু টুর্নামেন্টের শুরুতেই সবার ধারণা পাল্টাতে শুরু করে। ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি। আর শেষ ম্যাচে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হারলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সেরা ষোলোতে ওঠে যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের লড়াকু পারফরম্যান্সের পর দ্বিতীয় রাউন্ডে ‘কালো ঘোড়া’ বেলজিয়ামের বিপক্ষেও অনেকেই তাদের সম্ভাবনা দেখছেন। বেলজিয়ামের কোচ-খেলোয়াড়েরদেরও ধারণা, কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।
মঙ্গলবার সালভাদরে সেরা ষোলোর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র।
