২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি নির্ভরতা কমাতে চায় আর্জেন্টিনা

ব্রাজিলে পা রাখার আগে থেকেই একটা তকমা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা - লিওনেল মেসির দল। গ্রুপ পর্ব শেষে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ থেকে বেরিয়ে আসতে চায় তারা। আর্জেন্টিনার সহকারী কোচ ক্লাউদিও গুগনালি জানিয়েছেন, শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৬টি গোল পেয়েছে দক্ষিণ আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। এই ৬ গোলের ৪টি এসেছে মেসির পা থেকে। বাকি দুটি গোলের একটি ছিল আত্মঘাতী, অন্যটি ভাগ্যের জোরে পেয়েছেন ডিফেন্ডার মার্কোস রোহো।

সাও পাওলোতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনার সহকারী কোচ ক্লাউদিও গুগনালি গোলের বিকল্প উৎস খোঁজার কথা জানান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চোট পাওয়া সের্হিও আগুয়েরো সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। আর্জেন্টিনার আক্রমণভাগের 'ফ্যান্টাসটিক ফোর' হয়ে গেছে 'ফ্যান্টাসটিক ট্রায়ো'। তাহলে মেসির বিকল্প উৎস কে হবেন?

গুগনালির কাছে সেই বিকল্প এসেকিয়েল লাভেস্সি। পিএসজির এই ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বাসিত আর্জেন্টিনার সহকারী কোচ।   

"সে খুব শক্তিশালী খেলোয়াড় এবং খুব ভালো সময় পার করছে। ক্লাবে গত মৌসুমটা খুব ভালোভাবে শেষ করেছে।"

লাভেস্সির শুরুর একাদশে থাকা দলকে আরেকটি দিক দিয়েই সাহায্য করবে বলে মনে করেন গুগনালি। লাভেস্সি সাধারণত উইং দিয়ে আক্রমণ করে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ডান প্রান্তে এই অভাবটা ভালোই টের পেয়েছে আর্জেন্টিনা।