তুখোড় ফ্রান্সের সামনে নাইজেরিয়া
বড় শক্তিগুলোর মধ্যে ডাচদের পরই সবচেয়ে ইতিবাচক চমকের নাম ফ্রান্স। ফ্রাঙ্ক রিবেরিহীন দলটি যে গ্রুপ পর্বে অমন আক্রমণাত্মক ফুটবলের ফুল ফোটাবে- টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে সেটি বোঝা যায়নি।
তো সেই নেদারল্যান্ডসকেও কিন্তু দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বাধা পেরোতে হয়েছে কষ্টেসৃষ্টে। বাংলাদেশ সময় সোমবার রাত দশটায় ব্রাজিলিয়ায় শুরু হওয়া ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া তাই সহজ হবে ফ্রান্সের- এমন আগাম ছবি আঁকার সুযোগ নেই কোনো।
এমন নয় যে, ‘গ্রুপ অব ডেথ’-এর মৃত্যুকূপে পড়েছিল ফ্রান্স। তারপরও তাদের পারফরম্যান্স বিস্ময় জাগানিয়া। জিনেদিন জিদান পরবর্তী সময়ে সে দেশের ফুটবল মান ছিল পতনের ধারায়। ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে শুধু বাদ পড়েনি, কোচের সঙ্গে খেলোয়াড়দের ঝাগড়া-ফ্যাসাদ জন্ম দেয় কেলেঙ্কারির। এরপর ব্রাজিল বিশ্বকাপে আসতে পারবে কিনা, এ নিয়ে ছিল সংশয়। প্লে-অফের প্রথম লেগে ০-২ গোলের হারের পর ফ্রান্সের সম্ভাবনা শেষ দেখেছিলেন অনেকে। ফিরতি লেগ জিতে ঠিকই ব্রাজিলের টিকেট পায় দিদিয়ে দেশমের দল। কিন্তু সেখানে ইনজুরির কারণে ছিটকে পড়া রিবেরি ছাড়াও যে এমন সুন্দর ফুটবল খেলবে তারা, কে ভেবেছিলেন!
এমন পরাশক্তির বিপক্ষে দ্বৈরথের আগে অনুপ্রেরণাটা খুব প্রয়োজন ছিল নাইজেরিয়ারও। কিন্তু তার জায়গায় এখন অবিশ্বাস-অনাস্থা-অচলাবস্থা। ফুটবল ফেডারেশনের কাছে পাওয়া টাকা আদায়ের জন্য এমনকি অনুশীলন করতে অস্বীকৃতির কথাও তো ভাবছিল ‘সুপার ঈগল’রা! আফ্রিকান দেশটির প্রেসিডেন্টের আশ্বাসে সে অচলাবস্থা কেটেছে। কিন্তু নাইজেরিয়া-ক্যাম্পে জমে থাকা গুমোট মেঘ সরিয়ে ফ্রান্সের মুখোমুখি হওয়ার জন্য সেটি কি যথেষ্ট?
কিন্তু সেই ধাপে যে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে ফ্রান্স! ইতিহাস-ঐতিহ্য তো বটেই, বতর্মানের শক্তি-দক্ষতাতেও যারা এগিয়ে ঢের। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৮ গোল দিয়েছে। আর গোলের প্রচেষ্টা ছিল ৬২ বার, যার চেয়ে বেশি প্রচেষ্টা ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো দল করতে পারেনি। এই বিস্ময়কর যাত্রায় রিবেরিহীন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন করিম বেনজেমা। তিন ম্যাচে তিন গোল করেছেন; করতে পারতেন আরো চার-পাঁচটিও। অথচ এই বেনজেমাই কিনা মাত্র গত বছরই ফ্রান্সের জার্সিতে ১ হাজার ২০০ মিনিটের বেশি সময় গোলখরার ভুগছিলেন!
বর্তমান ফ্রান্সের জন্য বেনজেমা যে কতোটা গুরুত্বপূর্ণ, সেটি স্পষ্ট সতীর্থ আন্তোয়ান গ্রিজমানের কথায়, “বৈশ্বিক পর্যায়েই করিম শীর্ষ এক খেলোয়াড়। দারুণ পারফর্ম করে যাচ্ছে ও। আর ও হচ্ছে এমন একজন, যে কিনা আমাদের খেলায়।”
কোচ দেশম গোল ছাড়াও তাঁর খেলার অন্যান্য দিকের কথাও বলেছেন, “ওর মুভমেন্ট অসাধারণ, আমাদের খেলার ধরনে যেটি গুরুত্বপূর্ণ। আর গোল ছাড়া ওর খেলার অন্যান্য দিকের দিকে আমরা নজর দিচ্ছি। সেদিক দিয়েও করিম দারুণ।”
এই বেনজেমা ও তুখোড় ফর্মে থাকা ফ্রান্সের সামনে আজ পড়তে হচ্ছে নাইজেরিয়াকে। তার আগে ইতিহাসের অন্তত একটা অধ্যায় আছে আফ্রিকান দেশটির পক্ষে। যে মাত্র একবার দল দুটি মুখোমুখি হয়েছিল, ২০০৯ সালের সেই প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় কিন্তু নাইজেরিয়ারই!
