সুয়ারেসকে দায় দেননি তাবারেস
লুইস সুয়ারেস নেই বলেই...ম্যাচ চলাকালের এই ফিসফিসানিটা ম্যাচ শেষে জোর হাওয়া পেল। কিন্তু কোচ অস্কার তাবারেস কলম্বিয়ার কাছে উরুগুয়ের হারের দায় সুয়ারেসের না থাকার ওপর চাপাননি।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে উরুগুয়ে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে, সুয়ারেস নেই বলেই কী উরুগুয়ের এই হাল? সুয়ারেস-বিতর্ক কী মানসিকভাবে পিছিয়ে রেখেছিল তাদের? তাবারেস এটা মানতে নারাজ।
"সে যখন থেকে আমাদের সঙ্গে নেই, ঘটনার শেষ তখনই। আমরা মেনে নিয়েছিলাম, সে নিষিদ্ধ।"
"আমি মনে করি ওই ঘটনাটা ইতিবাচক ফল পাওয়ার বিষয়ে সবার শক্তি ও ইচ্ছাটা বাড়িয়ে দিয়েছিল।"
ইতালির জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড়ানোর জন্য সুয়ারেসের শাস্তির মাত্রা এখনও মানতে পারছে না উরুগুয়ে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরও এ নিয়ে কথা বলেন উরুগুয়ে অধিনায়ক দিয়েগো লুগানো।
"একজন খেলোয়াড় স্টেডিয়ামে যেতে পারবেন না অথবা সতীর্থদের সঙ্গে হোটেলে যেতে পারবে না; এটা তো মানবিধকার লঙ্ঘন।"
