২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলিও সেজারের 'দায় মোচন'

নাটকীয়তা। কখনো তুঙ্গস্পর্শী আনন্দ, কখনো আবার হৃদয় ভাঙা কষ্ট। সব কিছু শেষে ব্রাজিলকে আবেগ আর উচ্ছ্বাসে ভাসালেন জুলিও সেজার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:17 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

টাইব্রেকারে দু-দুটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে চিলির বিপক্ষে অকল্পনীয় এক জয় এনে দিলেন ব্রাজিলের এই গোলরক্ষক। অথচ গত মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে একটি ম্যাচেও গোলবার আগলানোর সুযোগ পাননি তিনি।

চিলির বিপক্ষে বীরোচিত এই পারফরম্যান্সের পর সেজার অবশ্যই গত এক বছরের হতাশার কথা ভুলে যাবেন। ইন্টার মিলানের সাবেক এই গোলরক্ষক হয়ত চাইবেন শনিবার স্তাদিও মিনেইরাওতে মঞ্চস্থ হওয়া ম্যাচটিকে ফ্রেমবন্দি করে রাখতে।

বেলো হরিজন্তেতে চিলির বিপক্ষে টাইব্রেকারে ব্রাজিলের ৩-২ গোলে জেতা নাটকীয় এই ম্যাচ হয়ত বিশ্বকাপেরও স্মরণীয় ম্যাচ হয়েই থাকবে।

রেফারি লম্বা বাঁশি বাজিয়ে ১২০ মিনিটের খেলার সমাপ্তি টানার পর স্তাদিও মিনেইরাওয়ের হলুদ ঢেউ হঠাৎই স্তিমিত হয়ে যায়। বন্ধ হয়ে যায় পুরো ম্যাচ জুড়ে গাইতে থাকা ব্রাজিল সমর্থকদের গান। উৎসবের আমেজের মধ্যে হঠাৎই শুরু হয় একটা ফিসফিসানি। অস্ফুটে ব্রাজিলের সমর্থকরা বলাবলি করছিল-কি হতে চলেছে?

মাঠের অবস্থাও ঠিক একইরকম ছিল। কেউ কেউ একে অপরকে জড়িয়ে ধরছিলেন। কেউ মাঠে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছিলেন। হিসাব চলছিল, কে কিক নেবে, কখন নেবে?

এসব শেষে এলো ভাগ্য পরীক্ষার সেই ক্ষণ। দাভিদ লুইস প্রথম কিকেই গোল করলেন-গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ল। মুরিসিও পিনিইয়ার কিক ঠেকিয়ে দিলেন সেজার-উচ্ছ্বাসটা সমুদ্রের গর্জন পেল। উইলিয়ান বাইরে মারলেন-গ্যালারিতে নীরবতা। আলেক্সিস সানচেসের কিক ঠেকিয়ে দিলেন সেজার-আবার উচ্ছ্বাস। মার্সেলো গোল করার পর সেটা আবার তুঙ্গস্পর্শী হলো। চার্লস আরানগেস গোল করলেন, কিন্তু হাল্ককে ঠেকিয়ে দিলেন চিলির গোলরক্ষক-গ্যালারির হলুদ অংশে আবার স্তব্ধতা। মার্সেলো দিয়াসের গোলে নীরবতা আরো বাড়ল।

নেইমার গোল করলেন-মুক্তির নি:শ্বাস ফেলে ব্রাজিলের সমর্থকরা। শেষ কিকের জন্য অপেক্ষা করতে থাকল তারা। গনসালো হারার কিক পোস্টে লেগে ফিরে এলো। গ্যালারির হলুদে ঢেউ জাগল।

ব্রাজিলের খেলোয়াড়রা অসাড় হয়ে আসা পায়ে আবার শক্তি ফিরে পেলেন। দৌড়ে গিয়ে সেজারকে জড়িয়ে ধরলেন তারা। ব্রাজিলকে শেষ আটে তোলা এই গোলরক্ষকের যাত্রাটা যেন পূর্ণ হলো। ব্রাজিলের ২০১০ বিশ্বকাপের খলনায়ক হয়ে গেলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক।

৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এই সেজারের একটি ভুলেই নেদারল্যান্ডসের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর এবার ব্রাজিলকে জাতীয় একটি দুর্যোগ থেকে রক্ষা করলেন তিনি।

ব্রাজিল ফুটবল কনফেডারশেনর প্রধান জোসে মারিয়া মারিন এবারের বিশ্বকাপ জয় অথবা হারানোকে তুলনা করেছেন স্বর্গ আর নরকের সঙ্গে। ব্রাজিলের প্রত্যেকটি মানুষই আসলে তাই মনে করে।

শুধু টাইব্রেকারেই নয়, নির্ধারিত সময়েও ব্রাজিলকে বাঁচিয়ে স্বর্গের পথে রাখেন সেজার। খেলা শেষের ১৫ মিনিট আগে আরানগেসের দুর্দান্ত একটি শট বাঁচিয়ে দিয়েছেন তিনি।

এর চেয়ে বড় ভূমিকা রাখা তখনো বাকি ছিল। টাইব্রেকারের আগে টেলিভিশন ক্যামেরাগুলো তার দিকে যেন হা করে ছিল। তার প্রতিটা পদক্ষেপ নিগুঢ়ভাবে দেখাচ্ছিল তারা। কিন্তু সব দুশ্চিন্তা দূরে সরিয়ে স্থির থেকেছেন সেজার। নিজেকে মুক্ত করেছেন ৪ বছর আগের সেই অভিশাপ থেকে।

অথচ ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে সেজার নাও থাকতে পারতেন। কুইন্স পার্ক রেঞ্জার্স ২০১৩ সালের মে মাসে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পর কোচ হ্যারি রেডনাপের তৃতীয় পছন্দে পরিণত হন।

ব্রাজিলকে কনফেডারেশন্স কাপ জেতানো সেজারে ৯ মাসে ক্লাবের হয়ে কোনো ম্যাচই খেলতে পারেননি। নতুন গ্লাভস কিনে তিনি একা একাই অনুশীলন করে গেছেন। এর পর এ বছর ধারে চলে যান মেজর লিগ সকারের (এমএলএস) দল এফসি টরোন্টোতে। তাও মাত্র ৭টি ম্যাচই খেলতে পেরেছেন সেখানে।

বড় কোনো টুর্নামেন্টে খেলার জন্য এটা মোটেই আদর্শ প্রস্তুতি নয়। কিন্তু ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি তার ওপরই আস্থা রাখেন। এর প্রতিদানও তিনি বেলো হরিজন্তেতে দিয়ে দিলেন।

এই সময়ে ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবং দেশটির ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের বাহক নেইমারকে ছাড়িয়ে সেজারই ম্যাচ সেরার মর্যাদা পেলেন। এটা অবশ্য অবধারিতই ছিল।

২০১০ বিশ্বকাপের সেই দু:সময় আর সাম্প্রতিক বাজে অতীতকে ভোলার জন্য এর চেয়ে বেশি আর কি চাইতে পারতেন সেজার!

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেজার বলেন, "দক্ষিণ আফ্রিকায় খলনায়কের পর্যায়ে চলে যাওয়াটা মেনে নেয়া খুব কঠিন ছিল। কিন্তু এখন প্রমাণ হলো, স্বপ্ন থাকলে এগিয়ে চলতেই হবে এবং কখনোই হাল ছাড়া যাবে না। এই স্বপ্নটা পূর্ণতা পাবে ট্রফিতে চুমো আঁকতে পারলে।"