সেজার নাকি জানতেন!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উত্তেজনায় ঠাসা টাইব্রেকার- ব্রাজিল জিতেছে অবশেষে ‘ভাগ্য পরীক্ষায়’। তবে ব্রাজিলের গোলরক্ষক জুলিও সেজার নাকি জয়ের ব্যাপারে আগেই নিশ্চিত ছিলেন।
ম্যাচের সেরা খেলোয়াড় হবেন সেটাও নাকি জানা ছিল এই গোলরক্ষকের!
শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে চিলির বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের মানুষের মনে তখন ছিটকে পড়ার উৎকণ্ঠা।
তবে টাইব্রেকার শুরুর আগে জুলিও সেজার ছিলেন নির্ভার। আগাম জানিয়ে দেন- ম্যাচ সেরা হবেন তিনি।
হয়েছেনও তাই, প্রতিপক্ষের মুরিসিও পিনিইয়া ও আলেক্সিস সানচেসের প্রথম দুটি শট ঠেকিয়ে দিয়ে জয়ের পথটা প্রশস্ত করেন সেজার। গনসালো হারার শেষ শট বারে লেগে ফিরলে শেষ আট নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক চিয়াগো সিলভা বলেন, “পেনাল্টি শুরুর আগে জুলিও বলেছিল আত্মবিশ্বাসের সঙ্গে শট করো আর আমি তিনটা শট প্রতিহত করবো।”
তবে তিনটা নয়, প্রতিপক্ষের দুটো শট ঠেকিয়েছিলেন সেজার।
শেষপর্যন্ত স্বস্তির জয়ে হেক্সা জয়ের অভিযানে আরেকধাপ এগোনোর পর আরো বেশি আত্মবিশ্বাসী চিয়াগো সিলভা। তবে স্বপ্ন পূরণটা যে সহজ হবে না, তা জানেন পিএসজির এই ডিফেন্ডার।
“এটা (লক্ষ্য পূরণের পথ) আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের এবং ব্রাজিলের সব মানুষের স্বপ্ন পূরণ করতে আমাদের সামনে আরো তিনটা ম্যাচ আছে।”
