ইতিহাসের পুনরাবৃত্তি চান আলজেরিয়া কোচ
বত্রিশ বছর আগে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই যে চমক জাগিয়েছিল আলজেরিয়া। ব্রাজিলে তারই পুনরাবৃত্তি চান দেশটির বর্তমান কোচ ভাহিদ হালিলহোদিচ।
১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই জার্মানিকে (পশ্চিম জার্মানি) হারিয়েছিল আলজেরিয়া। ভাগ্য আরেকবার এই দুটি দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আগামী সোমবার ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে তারা।
এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। আর আলজেরিয়া এবারই প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছে। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভয় পাচ্ছেন না হালিলহোদিচ। ইতিহাস থেকে প্রেরণা নিয়ে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চান তিনি।
বসনিয়ান কোচ হালিলহোদিচ মনে করেন, গ্রুপ পর্ব থেকে ইতালি, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেনের মতে দল বাদ পড়ার পর সেরা ষোলোতে তার দলের থাকাটা ব্যাতিক্রম ঘটনা।
“আমি আবারো বলছি, ১৯৮২ সালে আলজেরিয়া যদি জার্মানির মতো একটা দলকে হারাতে পারে তাহলে আমরা কেন পারবো না?”
‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে গেলেও পরের দুই রাউন্ডে ঘুরে দাঁড়ায় আলজেরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে এবং রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে ওঠে প্রতিযোগিতার একমাত্র আরব দেশটি।
