শিরোপাই আমাদের লক্ষ্য: স্নেইডার
গত বিশ্বকাপের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন তিনি। নেদারল্যান্ডসকে ফাইনালে তোলার পথে করেছিলেন পাঁচ গোল, নিজে জিতেছিলেন দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘সিলভার বল’। কিন্তু সেই ভেসলি স্নেইডার এরপর ফর্ম হারিয়ে ফেললেন দ্রুতই। আর ২০১২ সালে লুই ফন গাল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ধারাবাহিকতায় হারালেন অধিনায়কত্ব, এমনকি প্রথম একাদশে জায়গাও। ‘আমরা ধারণাগুলো ও ধরতেই পারে না’। স্নেইডার সম্পর্কে ফন গালের এই কথা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফই লিখে দেয় এক রকম।
কিন্তু ২০১৪ বিশ্বকাপে এসে চিত্রনাট্যটা ভিন্নভাবে লিখছেন স্নেইডার। কোচের আস্থায় ফিরে ফিরেছেন প্রথম একাদশে। ব্রাজিলে ডাচদের দুরন্ত পারফরম্যান্সে এই প্লে-মেকারের ভূমিকা অনেক। এখন তাই চার বছর আগের চেয়ে আরেক ধাপ এগিয়ে ট্রফি জিততে চান তিনি। মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ফিফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে তেমনটাই বলেছেন স্নেইডার।
প্রশ্ন: টানা তিন ম্যাচ জিতে গ্রুপে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠল নেদারল্যান্ডস। এখন ডাচ ক্যাম্পের আবহটা কেমন?
স্নেইডার: জিতলে আবহ তো সবসময়ই ভালো থাকে। কঠিন এক গ্রুপে ছিলাম আমরা। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই তাই বলছিল, নেদারল্যান্ডসের নকআউট পর্বে যাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। কিন্তু নিজেদের উপর আমরা কখনো বিশ্বাস হারাইনি। আর (বিশ্বকাপের ঠিক আগে আগে) খেলতে শুরু করলাম নতুন এক সিস্টেমে। সেখান থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়তে থাকল ক্রমশ। স্পেন-চিলি-অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে যদি সবার উপরে থাকা যায়, সেটি তিন জয়ে এবং দশ গোল করে- এর অর্থ হচ্ছে আমরা দুর্দান্ত এক কাজই করেছি। প্রায় কেউ ভাবেনি যে, এমন কিছু হওয়া সম্ভব। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজেদের উপর বিশ্বাস রাখা এবং প্রথম দিনটি থেকে আমরা তা করেছি। যে কোনো টুর্নামেন্ট শুরু করা উচিত কাপ জিতে বাড়ি ফেরার উচ্চাশা নিয়ে। আমরা এই বিশ্বকাপটি সেভাবেই দেখছি। আমাদের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ওই তীব্র ইচ্ছেশক্তির প্রকাশ ছিল। পুরো দলের তাই প্রশংসা প্রাপ্য।
প্রশ্ন: পুরো দলেরটি না হয় বোঝা গেল। আর কোচ লুই ফন গালের ক্ষেত্রে?
স্নেইডার: হ্যাঁ, অবশ্যই প্রশংসা তারও প্রাপ্য। উনিই তো আমাদের এভাবে খেলাচ্ছেন। যে ফর্মেশনে খেলাচ্ছেন, সেটি আমাদের বেশিরভাগের জন্যই কিন্তু নতুন। এমন সব কাজ আমাদের করতে হচ্ছে যাতে আমরা অভ্যস্ত নই। এটির জন্য তাই প্রচুর অনুশীলন প্রয়োজন ছিল। আমরা সেটি করেছি, প্রীতি ম্যাচগুলোতে এ নিয়ে কাজ করেছি। এখন স্পেন-চিলি-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে খেলে যদি সাফল্য পাই, তাহলে সবার আগে প্রশংসা তো কোচেরই প্রাপ্য। কেননা উনি আমাদের এভাবে খেলিয়েছেন। আবার খেলোয়াড়দের প্রশংসা প্রাপ্য এ কারণেই যে, কোচের দর্শন মাথায় নিয়ে সেটির প্রয়োগ মাঠে করেছে তারা। আমরা সবাই জানি নিজেদের দায়িত্ব। জানি যে, কাউন্টার অ্যাটাকে আমরা খুব ভয়ঙ্কর।
স্নেইডার: হ্যাঁ, সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ২৩ জন খেলোয়াড় নিয়ে আপনি যান। আগে বলা চিরন্তন কথার মতো শোনাবে, তারপরও বলছি- মাত্র ১১ জন ফুটবলারকে খেলিয়ে কোনো দলই বিশ্বকাপ শেষ করতে পারে না। এটি সম্ভবই না। সাইড বেঞ্চে থাকাদের তাই নিশ্চিত করতে হবে যে, তারা প্রস্তুত। সৌভাগ্যের ব্যাপার হল, আমাদের দলের ক্ষেত্রে সেটি হচ্ছে। ম্যাচের মাঝে মাঠে যখনই আসছে, দিয়ে যাচ্ছে অসাধারণ পারফরম্যান্স। তারা কঠোর অনুশীলন করছে, মানসিকতাতে ইতিবাচক- দলের জন্য সেটি খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: গ্রুপে শীর্ষে থাকার কারণে অতিরিক্ত এক দিন বিশ্রাম পাচ্ছেন। এটি কতোটা গুরুত্বপূর্ণ?
স্নেইডার: বেশ গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বকাপে এসেছি ক্লাব মৌসুম শেষ করে, যেখানে সবাইকেই অনেক অনেক ম্যাচ খেলতে হয়েছে। আর টুর্নামেন্টের গ্রুপ পর্বের তিন ম্যাচেও ধকল গেছে বেশ। এ কারণেই বাড়তি এক দিন বিশ্রাম খুব জরুরি। আমরা সেটি কাজে লাগিয়েছি ভালোভাবে। এরপর এখন প্রস্তুতি নিচ্ছি মেক্সিকোর বিপক্ষে ম্যাচের জন্য।
প্রশ্ন: ২০১০ ফাইনাল খেলার কারণে কি এবার আপনার ট্রফি জয়ের ইচ্ছেটা আরো বেড়ে গেছে?
স্নেইডার: যখন কোনো টুর্নামেন্ট শুরু করি, সবসময় তাতে আমি জিততেই চাই। এবং অবশ্যই এর মধ্যে কিছু টুর্নামেন্ট জেতা অন্যগুলোর চেয়ে সহজ। চার বছর আগে যেমন আমাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। সেখানে পুরো প্রসেস ঠিকঠাক থাকার পরও আমরা ফাইনালে হেরে যাই। সেটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত। কিন্তু ফুটবল সৌন্দর্যের একটি দিক হল, আপনি সবসময়ই প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। তাহলে এবার আমরা ট্রফি জিততে পারব না কেন? আমাদের দলটি দুর্দান্ত, দলের স্পিরিটও তুঙ্গে। আমাদের তাই ট্রফি জয়ের জন্যই ঝাঁপাতে হবে।
প্রশ্ন: ওই ট্রফি জয় থেকে চার ম্যাচ দূরত্বে আপনারা। এখন পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকো। তাদের সম্পর্কে আসলে কতোটুকু জানেন?
স্নেইডার: মাত্র চার ম্যাচ? (হাসি) এখনো অনেক দূর যাওয়ার বাকী। আমরা খুব আত্মবিশ্বাসী। কিন্তু একই সঙ্গে প্রতিপক্ষের কথাও আমাদের ভাবতে হবে। মেক্সিকো ভালো দল। তাদের বিপক্ষে খেলা কঠিন। আমরা এখন তাই শুধু এই ম্যাচটির দিকেই মনোযোগ দিচ্ছি। এরপর দেখা যাক, কী হয়!
