রদ্রিগেসের কলম্বিয়ায় উরুগুয়ের বিদায়
লুইস সুয়ারেসকে হারানো উরুগুয়ে এবারের বিশ্বকাপের উদীয়মান তারকা হামেস রদ্রিগেসের ধাক্কা সামলাতে পারেনি। তরুণ এই তুর্কির জোড়া গোলে গতবারের সেমি-ফাইনালিস্টদের বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।
রিও দে জেনেইরোতে দুই অর্ধে একটি করে গোল করেন রদ্রিগেস। চার ম্যাচে পাঁচ গোল করে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।
আগামী শুক্রবার ফরতালেজায় শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া।
হোসে পেকারমানের শিষ্যদের সামনে দাঁড়াতেই পারেনি উরুগুয়ে। মারাকানায় ১২তম মিনিটে প্রথম সুযোগটি পায় কলম্বিয়াই। কামিলো সুনিগাকে খুঁজে পেয়েছিলেন জ্যাকসন মার্তিনেস। সুনিগার জোরালো শট প্রথম প্রচেষ্টায় ধরতে পারেননি ফের্নান্দো মুসলেরা। কোনো বিপদ ঘটার আগেই দ্বিতীয় প্রচেষ্টায় বল ধরেন তিনি।
৩৩তম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রিকিক পেয়েছিল উরুগুয়ে। এদিনসন কাভানির শট ক্রসবার উঁচিয়ে গেলে সুযোগ নষ্ট হয় দুইবারের চ্যাম্পিয়নদের।
ছয় মিনিট পর কলম্বিয়ার ত্রাতা দাভিদ ওসপিনা। আরভারো গনসালেসের ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নিসের এই গোলরক্ষক। অরক্ষিত কাভানি মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও পারেননি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক হয়ে উঠে উরুগুয়ে। ৬৪তম মিনিটে ব্যবধান কমানোর ভালো একটি সুযোগও পেয়েছিল তারা। তীব্র গতিতে কলম্বিয়ার রক্ষণ সীমায় ঢুকে জোরালো শট নিয়েছিলেন ক্রিস্তিয়ান রদ্রিগেস। তবে তার চেষ্টা ব্যর্থ করে দেন ওসপিনা।
