২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসে বলীয়ান গ্রিস

শেষ ষোলোতে জায়গা করে নিয়েই দেশের ফুটবল ইতিহাসে নিজেদের নামটি সোনার হরফে খোদাই করে নিয়েছে গ্রিসের এই দলটি। ইতিহাসটা আরো সমৃদ্ধ করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:20 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

গ্রিসের শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। রেসিফিতে কোস্টা রিকার বিপক্ষে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর ম্যাচের আগে সেই রক্ষণভাগের অন্যতম সদস্য কোস্তাস মানোলাস নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান।

"আমরা প্রস্তুত। কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্যই খেলব।"

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এরই মধ্যে 'ব্রাজিল বিশ্বকাপের বিস্ময়' নাম পেয়ে গেছে কোস্টা রিকা। প্রথমবারের মতো শেষ আটে উঠে ইতিহাস গড়ার হাতছানি আছে তাদের সামনেও।

তবে বিস্ময় উপহার দেয়া কোস্টা রিকাকে হারানোর জন্য প্রেরণা গ্রিসেরও আছে বলে মনে করেন মানোলাস। তাদের সেই প্রেরণা সবশেষ খেলা গ্রুপ ম্যাচটি। ইয়োরগিওস সামারাসের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে এই ম্যাচে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে গ্রিস।

মানোলাস বলেন, "আমার বিশ্বাস, আইভরি কোস্টের বিপক্ষে শেষ ম্যাচটির মতো খেলতে পারলেই পরের রাউন্ডে যেতে পারবে।"