বেলজিয়ামকে হারাতে আত্মবিশ্বাসী ক্লিন্সমান
সেরা ষোলোর লড়াইয়ে বেলজিয়ামকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ক্লিন্সমান বলেছিলেন, বিশ্বকাপ জেতার ব্যাপারে কথা বলাটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। ওই মন্তব্যের কারণে সমালোচকদের রোষের মুখে পড়েন তিনি।
তবে বিশ্বসেরার লড়াইয়ের প্রথম ধাপ পেরিয়ে আসার পর ক্লিন্সমানের মুখে ভিন্ন সুর। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল ও ঘানাকে পেছনে ফেলে ‘জি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে উঠে আসার পর দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই জার্মান কোচ।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বাধা এবারের আসরের ‘কালো ঘোড়া’ বেলজিয়াম। বাজিকরদের মতে, শিরোপা লড়াইয়ে পঞ্চম ফেভারিট ইউরোপের এই দেশটি। তবে এসব কোনো হিসেবেই ভাবাচ্ছে না ৪৯ বছর বয়সী ক্লিন্সমানকে।
“আমরা অনেক আত্মবিশ্বাস নিয়েই ম্যাচটি খেলতে যাচ্ছি-বিশেষ একটা ম্যাচ, একটা নকআউট ম্যাচ। বলতে চাই যে, আমরা তাদের হারাতে পারি।”
তবে লক্ষ্যে পৌঁছতে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করতে হবে এবং দলের সবাইকে শতভাগ দিতে হবে বলেও মনে করেন ক্লিন্সমান।
‘এইচ’ গ্রুপ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠা বেলজিয়ামকে তকমাহীন ফেভারিট মানছেন ক্লিন্সমান। কারণ দলটিতে ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, চেলসির এডেন হ্যাজার্ড ও মানচেস্টার ইউনাইটেডের মারুয়ান ফেলাইনির মতো খেলোয়াড়েরা আছে।
তবে কোনো কিছুতেই ভয় পাচ্ছেন না ক্লিন্সমান, “আমরা বিশ্বাস করি, দলের মধ্যে আমরা এমন একট ভিত গড়েছি যে আমরা তাদের হারাতে পারবো।”
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের জন্য সুখবর, পায়ের পেশির চোট (হ্যামস্ট্রিং) কাটিয়ে ফিরতে পারনে স্ট্রাইকার জোজি অল্টিডোর।
ঘানার বিপক্ষে বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলে মাঠের বাইরে চলে যাওয়া অলটিডোরের দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্লিন্সমান।
