মেক্সিকোয় মুগ্ধ ফন পের্সি
ফরতালেজায় মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে নেদারল্যান্ডস। তবে ডাচ অধিনায়ক রবিন ফন পের্সির কণ্ঠে অন্য সুর। মেক্সিকোর খেলায় নিজের মুগ্ধতার কথা জানিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয়াসহ ৩ ম্যাচে ১০ গোল করেছে লুইস ফন গালের দল।
এত গোল করতে পারেনি মেক্সিকো। তবে গ্রুপ পর্বের ৩ ম্যাচে মাত্র একটি গোলই খেয়েছে তারা। এর মধ্যে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে তাদের গোলশূন্য ড্রটি সবার নজর কেড়েছে।
নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে না পারা ফন পের্সি উজ্জীবিত ডাচদের মেক্সিকোর এই সাহসী খেলার কথাই মনে করিয়ে দিলেন।
"এটা নকআউট পর্ব। সত্যিকার অর্থেই তারা ভালো খেলেছে এবং গ্রুপ পর্বে অপরাজিত ছিল। এমনকি স্বাগতিকরাও তাদের বিপক্ষে গোল করতে পারেনি। এটাই তাদের সামর্থ্যের কথা বলে।"
বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে মেক্সিকোর আরেকটি বিশেষ সুবিধার বিষয়ও গোচরে আনেন ফন পের্সি।
"তারা তাদের পরিচিত কন্ডিশনে খেলবে। আমাদের তাই বেশি সতর্ক থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেরা প্রস্তুতি নিয়ে রাখতে হবে।"
৩ গোল নিয়ে ফন পের্সির সঙ্গে শীর্ষ গোলদাতাদের তালিকার ওপরের দিকেই আছেন আরেক ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেনও। এই দুজনের একটু পেছনে খেলছেন ভেসলি স্নেইডার। সব মিলিয়ে ডাচদের আক্রমণভাগটা অসাধারণ।
দুর্দান্ত গতিময় এই আক্রমণভাগ সামলাতে গিয়ে মেক্সিকোর রক্ষণ ভুল হয়ত কিছু করবে। নিজেরা কম ভুল করে মেক্সিকোর রক্ষণের সেই ভুলগুলোকে কাজে লাগানোর পরামর্শ দিলেন ফন পের্সি।
