মেসি-নেইমারের তুলনায় নারাজ স্কলারি
লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে কোনো রকম তুলনা করতে নারাজ ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। তবে মেসিকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলে উল্লেখ করেন তিনি।
ব্রাজিলের ২২ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার বিশ্বকাপে পথচলা শুরু করেন এবারই। বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বয়ে চলা এই বিস্ময়বালক গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল করে মেসি ও টমাস মুলারের সঙ্গে শীর্ষ গোলদাতাদের তালিকার এক নম্বরে আছেন।
এদিকে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা মেসিও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন-সারথি। গ্রুপ পর্বে দলের করা ৬টি গোলের দুই তৃতীয়াংশ তিনিই করেন।
চিলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ব্রাজিল কোচকে প্রশ্ন করেন, মেসি আর নেইমারের মধ্যে তিনি কাকে এগিয়ে রাখবেন।
দুজনের তুলনা করতে না চাইলেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্কলারিও মেসিকে সেরার স্বীকৃতি দিলেন।
"মেসি অসাধারণ একজন খেলোয়াড়; একজন তারকা; বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।"
"আমি ১০/১৫ বছর পর বলবো। এখন আপনাদের আমার কিছু বলতে হবে না। "
স্কলারি নেইমারকে নিয়ে কিছুই বলেননি। তবে সতীর্থের প্রশংসা করতে এগিয়ে এসেছেন ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভা। তবে সেটাও মেসিকে এগিয়ে রেখেই করেন তিনি।
"মেসি অন্যতম সেরা স্ট্রাইকার। আমার মনে হয় নেইমার চূড়ার দিকে উঠছে। বিশ্বকাপ শেষে আমরা কোথায় থাকি, সেটার ওপর নির্ভর করছে তাকে বিশ্বের অন্যতম সেরা ধরা হবে কিনা।"
পথ পেরোতে পেরোতে মেসি এখন যেখানে আছেন, নেইমার সেই পথেই যাচ্ছে বলে মনে করেন চিয়াগো। আর একটা বিষয়ে তিনি নি:সন্দেহ- বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির জায়গায় একদিন উঠবে নেইমার।
