ব্রাজিলের দৃপ্ত পদক্ষেপ না চিলিতে হোঁচট?
দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে ক্রাইস্ট দ্য রিডিমার; যেন প্রস্তুত বীরবরণের জন্য। রিও দে জেনেইরোর করকোভাদো পাহাড়ের চূড়ায় অপেক্ষমান যিশু খ্রিস্টের শান্ত-সৌম্য-পবিত্র মূর্তির দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন লুই ফেলিপে স্কলারির শিষ্যরাও; বাকি আর চার ধাপ।
বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে সেই চতুর্থ পদক্ষেপের অভিযানে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ তাদের চিলি। আগের তিনের সঙ্গে আজ থেকে শুরু হওয়া বাকি চার ধাপের মৌলিক এক পার্থক্য রয়েছে। এখানে যে কোন ধাপে পা হড়কালেই যে ধপাস। বিজয়ীর বেশে ক্রাইস্ট দ্য রিডিমারের কাছে আর পৌঁছানো হবে না। হবে না ৬৪ বছর আগের পূর্বসুরিদের ব্যর্থতা ঘোচানো।
১৯৬২ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমি-ফাইনাল পর্যন্ত উঠেছিল চিলি। এরপর সেই স্বপ্নযাত্রা থামে ব্রাজিলের কাছে হেরেই। ১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপের ঠিক এই দ্বিতীয় রাউন্ডেই আবার দেখা হয় দল দুটির। সেখানেও জয় ব্রাজিলের।
সবচেয়ে বেশি টগবগিয়ে ফুটছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলের ধ্রুপদী ঘরাণায় সর্বশেষ সংযোজন তিনি। গতি-ড্রিবলিংয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি লাখো-কোটি সমর্থককে। বিশ্বকাপে চার গোল করে নেইমার সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ জেতার লড়াইয়ে আছেন ভালোভাবে। সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’-এও। কিন্তু ওসব ব্যক্তিগত প্রাপ্তিতে যে নেইমারের থোড়াই কেয়ার! তিনি চান বিশ্বকাপ জিততে। সবচেয়ে বড় পুরস্কার তো সেটিই।
ওদিকে ফরোয়ার্ড ফ্রেদ আবার খুঁজে পেয়েছেন চিলির এক দুর্বলতার জায়গা, “চিলিয়ানরা দৈহিক উচ্চতার দিক দিয়ে ছোটখাট। আমাদের ফুল ব্যাক ও উইঙ্গারদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। নিজেদের উচ্চতা কাজে লাগানোর জন্য ফ্রি-কিক তাই বড় এক অস্ত্র হতে পারে।”
আর চিলি যে অন্য বেশিরভাগ দলের মতো ব্রাজিলের বিপক্ষে রক্ষণের খোলসে ঢুকে থাকবে না, সে বিষয়ে নিশ্চিত তিনি, “চিলির এই দলের টেকনিক্যাল সামর্থ্য দুর্দান্ত। আক্রমণভাগে এমনসব ফুটবলার আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। এ বিশ্বকাপে ওদের খেলা যতটুকু দেখেছি, ব্রাজিলকেও ওরা আক্রমণ করতে যাবে।”
হ্যাঁ, চিলির কোচ হোর্হে সামপাওলির দর্শন ওই আক্রমণাত্মক ফুটবলই। সেটি ঠিকঠাক প্রয়োগে আজ তিনি ফিরে পাচ্ছেন ভিদালকে, নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বিশ্রামে ছিলেন যিনি। ব্রাজিল একাদশেও কোচ লুই ফেলিপে স্কলারি একটি পরিবর্তন আনছেন প্রায় নিশ্চিতভাবে। মিডফিল্ডে সর্বশেষ ম্যাচে বিবর্ণ পাউলিনিয়োর জায়গায় দ্বিতীয়ার্ধে নেমে আলো ছড়িয়েছেন ফের্নানদিনিয়ো। আজ প্রথম একাদশ থেকেই দেখা যেতে পারে তাকে।
যে একাদশই নামুক শেষ পর্যন্ত, চিলির বিপক্ষে জয়ে সেটি যথেষ্ট প্রমাণিত হবে বলে আস্থা আছে ব্রাজিলিয়ানদের।
