ব্রাজিলের বিপক্ষে 'ইতিহাস' গড়তে চায় চিলি
বিশ্বকাপের নকআউটে ব্রাজিল যেন চিলির কাছে দুর্ভাগ্যের প্রতিশব্দ। এর আগে তিন বার ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিকে। এবার নতুন 'ইতিহাস' গড়তে চান চিলির তারকা ফরোয়র্ড আলেক্সিস সানচেস।
বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে ফেভারিট ব্রাজিলকে হারিয়ে এই বিশ্বকাপে বড় একটা অঘটন উপহার দেয়ার কথা বললেন বার্সেলোনার ফরোয়ার্ড সানচেস।
"আমরা এখানে ইতিহাস গড়তে এসেছি। এরই মধ্যে আমরা শিরোপাধারী স্পেনকে হারিয়েছি (গ্রুপ পর্বে)।"
নিজেদের নির্ধারণ করা লক্ষ্য অর্জন করতে চিলি দল লড়াকু পিটবুল কুকুরের মতো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত বলে জানান সানচেস। বেলো হরিজন্তেতে নিজেদের অনুশীলন শিবিরে সানচেজ বলেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশি দূর চলার পথে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক শক্তিই পার্থক্য গড়ে দেবে।
এটা যে খুব সহজ হবে না, সানচেস সবাইকে যেন মনে করিয়ে দিলেন সেটিই।
"এই মুহূর্তে বিশ্বের সেরা রক্ষণ ব্রাজিলের। তবে ব্রাজিলের বিপক্ষে খেলতে পেরে আমি খুশি।"
ব্রাজিল ম্যাচে প্রেরণা হিসেবে প্রতিবেশী আর্জেন্টিনার উদাহরণ দিলেন সানচেস।
"তারা (আর্জেন্টিনা) প্রত্যেকটি ম্যাচই জয়ের জন্য খেলে। ব্রাজিলের বিপক্ষে আমাদেরও এই মনোভাব নিয়ে খেলতে হবে।"
আর নিজেদের উপর বিশ্বাসটাও চিলির খেলোয়াড়দের আছে বলে জানান সানচেস। অনুশীলন শেষের সংবাদ সম্মেলনে সঙ্গে আসা ডিফেন্ডার মাওরিসিও ইসলাকে দেখিয়ে সানচেস বলেন, "সে তার পজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু এটা সে বিশ্বাস করে না। আমি তাকে বলি, নিজের ওপর বিশ্বাস রাখ।"
