২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সঙ্গে বাজি জিততে চান সানচেস

বাজিতে নেইমারের সঙ্গে এক দান পিছিয়ে আছেন আলেক্সিস সানচেস। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আবার মুখোমুখি হয়ে যাওয়ার পর সমতা আনার প্রত্যয়ের কথা বললেন চিলির ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 09:43 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

দুজন একই ক্লাবে খেলেন, বার্সেলোনার দুই সতীর্থের মধ্যে সম্পর্কটাও খুব ভালো। তবে গত নভেম্বরে কানাডায় একটি প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে চিলি হেরে যাওয়ার পর নাকি লজ্জা পেয়েছিলেন সানচেস। এবার এর শোধ নিতে চান তিনি।

"নেইমারের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। সে এরই মধ্যে গত বছর কানাডায় আমার সঙ্গে একটি বাজি জিতেছে। এবার তাই আমাদের কিছু একটা করতে হবে এবং এবার আমার জিততে হবে।"

চিলি-ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ের তুলনা করলে নেইমারের সঙ্গে সমতায় ফেরার লড়াইয়ে সানচেসকে পিছিয়েই রাখতে হয়। টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিলের বিপক্ষে খেলা ৬৮ ম্যাচের মাত্র ৭টিতে জিতেছে চিলি।

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে তিনবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এর মধ্যে আছে চিলির সবশেষ খেলা ১৯৯৮ ও ২০১০ সালের দুটি বিশ্বকাপও।

আর এই বিশ্বকাপে সানচেস ভালো খেললেও নেইমারের চেয়ে পিছিয়েই আছেন। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসি ও টমাস মুলারের সঙ্গে আছেন নেইমারও।

বেলো হরিজন্তেতে শনিবার চিলির বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১০টায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।