২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নেইমারদের উল্কির ছাপ

বিশ্বকাপ জিততে পারুক বা নাই পারুক, জাতির ওপর এরই মধ্যে একটি 'ছাপ' রেখেছে ব্রাজিল দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:44 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

লুইস ফেলিপে স্কলারির দলটি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলের সবচেয়ে বেশি উল্কি সমৃদ্ধ দলের আখ্যা পেয়েছে। দলের ২৩ জন খেলোয়াড়ের মধ্যে ১৭ জনের শরীরের কোনো না কোনো অঙ্গে উল্কি আঁকা আছে। বিষয়টি ব্রাজিলের ঘোর সমর্থকরাও অনুসরণ করছে।

ব্রাজিলের উল্কি আঁকিয়েরা জানান, নেইমার, দানি আলভেস, মার্সেলোদের মতো উল্কি এঁকে দেয়ার অনুরোধের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে।

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের পাড়-ভক্ত ১৯ বছর বয়সী আলেস্সান্দ্রো কররাদিনি প্রিয় তারকার পাঁচটি উল্কি নিজের শরীরেও আঁকিয়ে নিয়েছেন। নেইমারের উল্কিগুলো যে উল্কি-শিল্পী এঁকেছেন, কররাদিনিটাও তিনিই করে দিয়েছেন।

কররাদিনি জানান, অনেক ভক্তরা নেইমারের নাম তাদের মুখে উল্কি করিয়েছেন, এটা তিনি কখনই করবেন না।

সাও পাললোর উল্কি শিল্পী আকেমি হিগাশি ব্রাজিলের স্টাইকার পাতোসহ অনেক ফুটবলারের গায়ে উল্কি এঁকেছেন। তিনি মনে করেন, ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যামই ফুটবলারদের মধ্যে উল্কি করাটা জনপ্রিয় করেছেন।

"তার আগে ফুটবলারদের গায়ে উল্কি তেমন একটা দেখা যেতো না। তিনি এই দুয়ারটা খুলে দেন।"

নেইমারের উল্কি আঁকিয়ে আদাও রোসা জানান, উল্কির ফ্যাশনটা ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর তাদের ভক্তদের এটি অনুসরণ করার আকাঙ্খা বেড়ে যাচ্ছে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর কারণে।

"বিশ্বকাপের সময় হঠাৎ করেই এটা বেড়ে গেছে। নেইমারের মতো পাদপ্রদীপের আলোয় থাকা খেলোয়াড়দের উল্কি করার পর আমি পুরো দেশ থেকে সেই উল্কিটির নকশা দেয়ার অনুরোধ জানানো ইমেইল পাই।"

নেইমার তার নতুন উল্কির ছবি ইনস্টাগ্রামে দেয়ার সঙ্গে সঙ্গেই তা জনপ্রিয় হয়ে পড়ে বলে জানান রোসা। আর তার কাছে মনে হয়, এটা যেন একটা রীতিই হয়ে গেছে।

রোসা মনে করেন, নেইমার ব্রাজিলে উল্কি আঁকানোর দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিয়েছেন।

রোসা জানান, নেইমার যখন শরীরে উল্কি আঁকা শুরু করলেন, তখনও ব্রাজিলে মানুষ মনে করত, কারাগারের বন্দিরাই কেবল এটা করান। কিন্তু নেইমারের মতো ভালো আর ধার্মিক ছেলে শরীরে উল্কি আঁকানো শুরু করলে, মানুষ তা পছন্দ করতে শুরু করে।

নেইমারের মতো ব্রাজিলের অন্য খেলোয়াড়রাও উল্কির ক্ষেত্রে ধর্মীয় চিহ্ন আর পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানানোর বিষয়টিকে বেছে নেন।

ব্রাজিলে তরুণরা অভিভাবকদের কাছ থেকে উল্কি আঁকানোর অনুমতি পেতে প্রথমে ধর্মীয় চিহ্ন বা পরিবারের কোনো সদস্যদের নাম বেছে নেয়। এরপর একবার উল্কি আঁকানো হয়ে গেলে তারা পছন্দের উল্কিগুলো বেছে নেয়।